আরকানসাসে বিপণিবিতানে গুলিতে নিহত ৩
গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২৩৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।
লিটল রক থেকে ১১২ কিলোমিটার দক্ষিণে ফোর্ডিসের ম্যাড বুচার গ্রোসারিতে গুলির এ ঘটনা ঘটে।
ছোট শহরটিতে ৩ হাজার ২০০ মানুষের বসবাস।
রয়টার্স জানিয়েছে, আরকানসাস রাজ্য পুলিশের পরিচালক মাইক হ্যাগার বলেছেন, শুক্রবার স্থানীর সময় বেলা সাড়ে ১১টার দিকে ম্যাড বুচার গ্রোসারি স্টোর থেকে প্রথম গুলি ছোড়ার তথ্য ফোনে জানতে পারে পুলিশ।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছলে সন্দেহভাজন এক বন্দুরকধারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও আহত হন।
পুলিশ কর্মকর্তা মাইক হ্যাগার দেওয়া তথ্য অনুযায়ী, আহত পুলিশ কর্মকর্তা ও বন্দুকধারীর অবস্থা আশঙ্কাজনক নয়।
“তবে আহত অন্যদের মধ্যে কারও অবস্থা শঙ্কামুক্ত, কারও সংকটাপন্ন,” বলেন তিনি।
গুলিতে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এক্সে রাজ্যের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, “জীবন বাঁচাতে দ্রুত বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং যারা প্রথমে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ ভয়ংকর ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করি।”
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে ২৩৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত শুক্রবার থেকে গান ভায়োলেন্স আর্কাইভ ২১টি বন্দুক হামলার ঘটনা রেকর্ড করেছে।
