২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত ৯

বন্দুকধারী ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বারুস এন্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে পরীক্ষা চলাকালে লোকজনের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত ৯
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যেখানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেখানে পুলিশ জড়ো হয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 09:30 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের এক ঘটনায় দুইজন নিহত ও আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

অঙ্গরাজ্যটির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কালো পোশাক পরা এক পুরুষকে খুঁজছে আর সন্দেহভাজনের আরও বিস্তারিত বর্ণনা পাওয়ার জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করছে। 

কর্মকর্তারা আরও জানান, বন্দুকধারী ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বারুস এন্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে লোকজনের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়, সেখানে তখন একটি পরীক্ষা নেওয়া হচ্ছিল। 

রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী শহর প্রভিডেন্সের কলেজ হিল এলাকায় ব্রাউন বিশ্ববিদ্যালয় অবস্থিত। আইভি লিগ স্কুলভু্ক্ত এ বিশ্ববিদ্যালয়টিতে লেকচার হল, গবেষণাগার ও ছাত্রাবাসসহ কয়েকশ ভবন আছেন। 

রয়টার্স জানায়, গুলিবর্ষণের ঘটনার পর থেকে ক্যাম্পাসের আশপাশের সড়কগুলো আটকে রাখা হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রভিডেন্স শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছেন আর পুলিশ সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। 

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি বলেন, “বড়দিনের আর দেড় সপ্তাহ বাকি আছে। আর আজ (শনিবার) দুইজনের মৃত্যু হল এবং আরও নয়জন হাসপাতালে আছেন। তাই অনুগ্রহ করে তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”     

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যেখানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তার কাছে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। ছবি: রয়টার্স 

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের যেখানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তার কাছে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে আছে

স্মাইলি জানান, কর্মকর্তারা এখনও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি, তাই তারা শিক্ষার্থী কি না, তা পরিষ্কার হওয়া যায়নি। 

গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবনগুলোতে আশ্রয় নিতে বলেছে।  

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিয়াং-হেং চিয়েন স্থানীয় টেলিভিশন স্টেশন ডব্লিউজেএআরকে জানান, তিনি আরও তিনজন শিক্ষার্থীর সঙ্গে একটি ল্যাবে কাজ করছিলেন, তখন এক ব্লক দূরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে টেক্সট বার্তা পান। এরপর তারা প্রায় দুই ঘণ্টা ডেস্কের নিচে আশ্রয় নিয়ে অপেক্ষা করে ছিলেন। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছুটির দিন হওয়ায় ঘটনার সময় প্রভিডেন্স শহরের কেন্দ্রস্থলে ক্রেতাদের অনেক ভিড় ছিল এবং কনসার্টগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, ফলে সন্দেহভাজনের খোঁজে তল্লাশিতে বিঘ্ন ঘটে।  

গুলিবর্ষণের ঘটনার পর পরিচিতরা পরস্পরকে সান্ত্বনা জানাচ্ছেন। ছবি: রয়টার্স 

গুলিবর্ষণের ঘটনার পর পরিচিতরা পরস্পরকে সান্ত্বনা জানাচ্ছেন

কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল আইন প্রয়োগকারীরা ও আশপাশের শহরগুলোর পুলিশ তল্লাশিতে সহায়তা করছে।  

স্থানীয় সংবাদ প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানায়, শহরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। 

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তাকে এ গুলিবর্ষণের ঘটনার বিষয়ে জানানো হয়েছে। ঘটনাটিকে ‘ভয়ানক’ বলে অভিহিত করেছেন তিনি।  

উন্নত অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মক্ষেত্র ও প্রার্থনাস্থগুলোতে অনেক বেশি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই দেশটিতে সবচেয়ে শিথিল বন্দুক আইন আছে। 

চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৮৯টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে যেখানে অন্ততপক্ষে চারজন নিহত হয়েছেন। এসব গুলিবর্ষণের ঘটনাগুলোর মধ্যে অন্তত ছয়টি স্কুলগুলোতে ঘটেছে।