১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদুরোকে নিয়ে ইউএসএস ইও জিমা জাহাজ যাচ্ছে নিউ ইয়র্কে

মার্কিন বাহিনী কারাকাসে বড় ধরনের আক্রমণ চালানোর পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে আকাশপথে উড়িয়ে ভেনেজুয়েলার বাইরে নিয়ে আসে।

মাদুরোকে নিয়ে ইউএসএস ইও জিমা জাহাজ যাচ্ছে নিউ ইয়র্কে
ইউএসএস ইও জিমাতে করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 12:45 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমা নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। 

শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী কারাকাসে বড় ধরনের আক্রমণ চালানোর পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে আকাশপথে উড়িয়ে ভেনেজুয়েলার বাইরে নিয়ে আসে। 

ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সাফল্যজনকভাবে একটি বড় ধরনের হামলা চালিয়েছে আর দেশটির নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, যিনি তার স্ত্রীর সঙ্গে ছিলেন, আটক করে আকাশ পথে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”

পরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে জানান, এই ছবিতে ভেনেজুয়েলার ‘নিকোলাস মাদুরেোকে ইউএসএস ইও জিমা জাহাজের ভেতরে দেখা যাচ্ছে’।

মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমা পুয়ের্তো রিকোর বন্দরে নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমা পুয়ের্তো রিকোর বন্দরে নোঙর করে আছে। ফাইল

ফক্স নিউজকে ট্রাম্প জানান, এই জাহাজটিতে করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ছবিতে যে ব্যক্তিকে ধূসর ট্র্যাকস্যুট পরা, চোখ ঢাকা ও কানে হেডফোন লাগানো অবস্থায় দেখা গেছে তাকে মাদুরো বলেই মনে হয়েছে।

ট্রাম্প আরও জানান, মাদুরো ও তার স্ত্রী নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়া মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ইও জিমাতে আছেন।

‘শিগগিরই’ নিউ ইয়র্ক ও মায়ামির মধ্যে ইও জিমার গন্তব্য নিয়ে একটি সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করেছে বলে সামাজিক মাধ্যমে এক্স এ এক পোস্টে নিশ্চিত করেছেন মার্কিন রিপাবলিকান সেনেটর মাইক লি। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোতে বিচারের মুখোমুখি করতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমরা ক্ষমতার ‘নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন না করতে পারা পর্যন্ত’ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’।