১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত শাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ‘সন্ত্রাসী’ নিহত

নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলার পর ২ ঘণ্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে।

ভারত শাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ ‘সন্ত্রাসী’ নিহত
শোপিয়ান জেলার একটি বন এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ছবি: রাইজিং কাশ্মীর

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তখন অঞ্চলটির শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ বন্দুক লড়াইয়ে ঘটনা ঘটেছে। এতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের। 

এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয়েছিল, তারপর সেখানে থেকে সরতে সরতে শোপিয়ানের একটি বন এলাকায় চলে যায়। ওই বনে আরেক ‘সন্ত্রাসী’ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। 

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত নিরাপত্তা বাহিনীর দল ‘সন্ত্রাসীদের’ ঘেরাও করে ফেলে। তারপর থেকে দুই ঘণ্টারও বেশি সময়ে ধরে দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই চলে। 

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী বলেছে, “১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে শোপিয়ানের বেসামরিক এলাকা শোকল কেলারে সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানার পার ভারতীয় সেনাবাহিনী সেখানে তল্লাশি ও নির্মূল অভিযান শুরু করে। অভিযান চলাকালে সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলির লড়াই শুরু হয়। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান অব্যাহত আছে।”   

যে সময় এই ঘটনাটি ঘটেছে তা তাৎপর্যপূর্ণ। কাশ্মীরের পেহালগাম সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের আক্রমণের পর চার দিন ধরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হয়। 

অস্ত্রবিরতি শুরু হওয়ার পর গুলির শব্দ যখন যখন প্রায় থেমে এসেছে তখনই কাশ্মীর উপত্যাকায় ফের গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটল।