Published : 06 Oct 2025, 12:27 PM
অবৈধ মাদক ব্হন করছে সন্দেহে ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে খবর দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার সন্ধ্যার দিকে এ হামলা হয়েছে জানিয়ে রোববার রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখন স্থলপথে মাদক পাচারের দিকেও নজর দেবে।
নরফোক নৌঘাঁটিতে বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানকে পাশে রেখে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এ হামলার কথা জানান। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যে হামলার ঘোষণা দিয়েছিলেন, ট্রাম্প তার কথাই বলেছেন কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের চতুর্থ ওই হামলায় ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“সাম্প্রতিক সপ্তাহগুলোতে কার্টেল সন্ত্রাসীদের জলপথ থেকে উড়িয়ে দেওয়ার মিশনে নৌবাহিনী সহায়তা করছে। গত রাতে আমরা আরেকটা ঘটনা ঘটিয়েছি। এখন আর আমরা কাউকে পাচ্ছি না।
“তারা আর সমুদ্রপথ দিয়ে আসছে না, তাই আমরা এখন স্থলে নজর দেওয়া শুরু করছি, কারণ তারা এখন স্থলপথ দিয়ে যেতে বাধ্য হবে,” বলেছেন ট্রাম্প।
এসব বিষয়ে রয়টার্স ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।
তবে ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর টেলিগ্রামে ছাড়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং বলেছেন, তার দেশ কূটনৈতিক সমর্থনকে জরুরি মনে করছে।
“বাঁচার ও স্বাধীন থাকার অধিকার রক্ষায় আমাদের জনগণ কখনোই ভয় পায়নি, ভবিষ্যতেও পাবে না। আমরা যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকবো,” ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ না করে বলেন মাদুরো।
রোববার ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেছেন, তার সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কারাকাসের প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ জানিয়েছেন।
মাদুরো এরই মধ্যে ‘ভেনেজুয়েলায় শান্তি সংহত’ করতে পোপ চতুর্দশ লিওকে চিঠি পাঠিয়ে তার সমর্থন চেয়েছেন বলে শনিবার জানিয়েছিলেন জিল।
এদিকে রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেছেন, ক্যারিবীয় অঞ্চলে হামলা চালাতে তার কাছে সব ধরনের অনুমোদনই আছে।