২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কোভিড: ভারতে একদিনে ৬ জনের মৃত্যু

সেখানে এ বছর সবমিলিয়ে ৬৫ জনের প্রাণ কেড়েছে রোগটি।

কোভিড: ভারতে একদিনে ৬ জনের মৃত্যু
ফাইল ছবি, রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 08:21 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে; এক দিনেই মৃত্যু হয়েছে ছয়জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাতে কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১৩৩ জনে। অথচ দুই সপ্তাহ আগে ২২ মে কোভিড রোগী ছিল ২৫৭ জন।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। এরপরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। তাদের বেশিরভাগের কোভিড ধরা পড়েছে সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার পর রোগ পরীক্ষায়।

বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোডিড আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন কেরালায়, দুজন কর্ণাটকে এবং একজন তামিল নাডুতে। মৃতদের বেশির ভাগের আগে থেকে হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, শ্বাসকষ্টের মতন রোগ ছিল।

সবমিলিয়ে এ বছর দেশটিতে ৬৫ জনের প্রাণ কেড়েছে কোভিড। ভারতে করোনাভাইরাসের যে নতুন প্রকোপ দেখা গেছে, তাতে এলএফ.৭; এক্সএফজি; জেএন.১ ধরন এবং নতুন শনাক্ত হওয়া এনবি.১.৮.১ উপধরনের আধিক্য দেখা যাচ্ছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত ২ ও ৩ জুন একাধিক কারিগরি পরামর্শ সভা করেছে ভারতের স্বাস্থ্যসেবা বিভাগ। কোভিড নিয়ন্ত্রণে সর্দিজ্বর আক্রান্তদের করোনাভাইরাস পরীক্ষার জন্য রাজ্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।