২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবরোধ অবসানে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পাকিস্তানে নতুন দফা শান্তি আলোচনা শুরুর পথে বড় ধরনের বাধা হয়ে আছে।

যুক্তরাষ্ট্রের অবরোধ অবসানে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 09:59 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

হরমুজ প্রণালিতে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবসানে পাকিস্তান উদ্যোগ নেওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় বসার কথা বিবেচনা করছে তেহরান।

ইরানের এক উর্ধ্বতন কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পাকিস্তানে নতুন দফা শান্তি আলোচনা শুরুর পথে বড় ধরনের বাধা হয়ে আছে। এই অবরোধ না তোলা পর্যন্ত পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাতে আগে থেকেই অস্বীকৃতি জানিয়ে এসেছে তেহরান।

সোমবার অবরোধ ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করায় পরিস্থিতি নতুন করে উত্তেজনাকর হয়ে ওঠে। ইরান এর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে জানায়, তাদের নতুন দফা আলোচনায় বসার কোনও পরিকল্পনা নেই।

এরপরই হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে পাকিস্তানের উদ্যোগ নেওয়ার খবরে ইরান আলোচনায় বসার কথা বিবেচনা করছে বলে জানাল। যদিও এখনও আলোচনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের উর্ধ্বতন ওই কর্মকর্তা।

তিনি বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তান যুক্তরাষ্ট্রের অবরোধ তোলা এবং আলোচনায় ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক প্রচেষ্টা চালাচ্ছে।

পাকিস্তানের পক্ষ থেকে প্রধান মধ্যস্থতাকারী সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনির অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেছেন বলে জানিয়েছেন এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা।

এই কর্মকর্তা জানান, আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন যে, মার্কিন নৌ-অবরোধ শান্তি আলোচনার পথে প্রধান অন্তরায়। জবাবে ট্রাম্প এই পরামর্শটি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওদিকে মঙ্গলবার রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরু করতে বদ্ধপরিকর পাকিস্তান। এই লক্ষ্যে রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার ইএসটি সময় রাত ৮টায় (ইরান সময় বুধবার ভোর সাড়ে ৩টা) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে।

তার আগেই ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।