Published : 21 May 2026, 03:20 PM
ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তীয় প্রদেশ হাইল্যান্ড পাপুয়ায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আটজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী জানায়, প্রদেশটির ইয়াহুকিমো জেলায় নিহতরা সবাই বেসামরিক। তারা ওই অঞ্চলের সোনার খনিতে শ্রমিক হিসেবে কাজ করতো।
এক বিবৃতিতে সামরিক কর্মকর্তা এম. উইরিয়া আরতাদিগুনা এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। নিহত শ্রমিকদের মৃতদেহ সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, নিহতরা সবাই সামরিক বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা, তারা খনি শ্রমিকের ছদ্মবেশে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।
টিপিএনপিবি ইন্দোনেশিয়ার সরকারকে সামরিক কর্মকর্তাদের সোনার খনি শ্রমিক বা ট্যাক্সি চালকের ছদ্মবেশে পাপুয়ায় না পাঠানো আহ্বান জানিয়েছে।
নিহতরা ‘নিরাপত্তা কর্মকর্তা’, বিচ্ছিন্নতাবাদীদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন আরতাদিগুনা। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। হামলার পর ইয়াহুকিমোর পরিস্থিতি বিপজ্জনক থাকলেও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আছে।
ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্তের পাপুয়া অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার ও তামার খনি আছে। ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক ভোটের মাধ্যমে অঞ্চলটি ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত হয়। তারপর থেকেই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জর্জরিত হয়ে আছে।