Published : 18 Oct 2025, 09:25 AM
পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত তিন ক্রিকেটার নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক শোক বার্তায় এসিবি বলছে, তারা পাকতিকার উরগুন থেকে শারানা এলাকায় প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। হামলায় মোট আটজন নিহত হয়েছে, যাদের মধ্যে ক্রিকেটার কাবির, সিবগতুল্লাহ ও হারুন রয়েছেন।
এসিবি বলছে, “উরগুনে ফিরে আসার পর একটি জমায়েতে তাদের নিশানা করে হামলা চালানো হয়।”
এ ঘটনাকে পাকিস্তানি শাসকদের পরিচালিত ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে বর্ণনা করেছে আফগান ক্রিকেট বোর্ড। তবে হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
Statement of Condolence
The Afghanistan Cricket Board expresses its deepest sorrow and grief over the tragic martyrdom of the brave cricketers from Urgun District in Paktika Province, who were targeted this evening in a cowardly attack carried out by the Pakistani regime.
In… pic.twitter.com/YkenImtuVR
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 17, 2025
এনডিটিভি লিখেছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড আগামী মাসে অনুষ্ঠেয় পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
এসিবি শুক্রবার রাতে এক্স পোস্টে বলেছে, “পাকিস্তানি শাসকদের কাপুরুষোচিত হামলায় আজ সন্ধ্যায় পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।”
ক্রিকেটারদের শোক
পাকিস্তান সম্প্রতি যেসব হামলা চালিয়েছে, সেসব ঘটনার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়ক রাশিদ খান। সেই সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে এসিবির প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
রাশিদ খান এক্স পোস্টে বলেছেন, “পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাগুলোয় আফগানিস্তানে বেসামরিক নাগরিকের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই ট্র্যাজেডিতে নারী, শিশু এবং সেই তরুণ ক্রিকেটারদের জীবন গেছে, যারা বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত।”
তিনি লিখেছেন, “বেসামরিক অবকাঠামোতে হামলা একেবারেই অনৈতিক এবং বর্বরোচিত। এ ধরনের অন্যায় ও অবৈধ কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এগুলো উপেক্ষা করা উচিত নয়।
“নিরীহ মানুষের প্রাণ হারানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত নিয়েছে এসিবি, সেটিকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি; আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে।“
আফগান দলের আরেক আন্তর্জাতিক তারকা মোহাম্মদ নবী বলেন, “এই ঘটনা শুধু পাকতিকা নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য এবং পুরো জাতির জন্য একটি শোকাবহ ঘটনা।”
পেসার ফাজালহাক ফারুকি ফেইসবুকে লিখেছেন, “নিপীড়কদের হাতে নির্দোষ বেসামরিক নাগরিক এবং আমাদের ঘরোয়া ক্রিকেটারদের এ হত্যা এক জঘন্য ও ক্ষমাহীন অপরাধ।”
সীমান্ত সংঘাত
আফগান সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি লিখেছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শুক্রবার একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান। এ ঘটনায় ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে কাবুল।
সূত্রের বরাতে তোলোনিউজ লিখেছে, হামলায় নিশানা করা হয় উরগুন ও বারমাল জেলার আবাসিক এলাকাকে, যেখানে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
এনডিটিভি লিখেছে, সীমান্তে তীব্র সংঘর্ষের পর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতির মধ্যে এ প্রাণঘাতী হামলা ঘটে।
এর আগে পাকিস্তান দোহা আলোচনা পর্যন্ত অস্ত্রবিরতির প্রস্তাব দেয়। কাবুল এই প্রস্তাবে সম্মত হয়েছে এবং আলোচনার শেষ পর্যন্ত অস্ত্রবিরতির সময় ঠিক করা হয়েছে। দুই পক্ষের মধ্যে শনিবার এ আলোচনা হওয়ার কথা।