তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি, নিহত ৩
পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হন এবং তৃতীয় একজনকে জীবিত আটক করা হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে এক পুলিশ কর্মকর্তা পিস্তল হাতে আড়ালে অবস্থান নিচ্ছেন। সে সময় একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতদের মধ্যে দুইজন আততায়ী। তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, হামলাকারীদের কাছে লম্বা ব্যারেলের আগ্নেয়াস্ত্র ছিল।
পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হন এবং তৃতীয় একজনকে জীবিত আটক করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।
ইসরায়েলি কনস্যুলেট সংলগ্ন এলাকায় সবসময়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সশস্ত্র পুলিশের উপস্থিতি থাকে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে।
