Published : 04 Aug 2026, 01:15 PM
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন, তার দেশে রেকর্ড দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিচ্ছে বলে সতর্ক করেছেন তিনি।
এই দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহায়তা আরও জোরদার করার জন্য কর্তৃপক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি; খবর রয়টার্সের।
মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে লি জনগণের দৈনন্দিন জীবন সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আর শীতাতপ নিয়ন্ত্রণের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
লি বলেন, “যেহেতু এই চরম আবহাওয়ার বিষয়টি স্বাভাবিক হয়ে উঠছে তাই আমাদের জাতীয় সংকট মোকাবেলা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার।”
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় বুসানের নিকটবর্তী শহর ইয়াংসানে রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি ১২২ বছর ধরে চলা আবহাওয়া পর্যবেক্ষণের মধ্যে সবচেয়ে উচ্চ তাপমাত্রার রেকর্ড।
সংস্থাটি সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ ও পার্শ্ববর্তী গিয়েওনগি শহরের জন্য দাবদাহের সতর্কতা জারি করেছিল, কিন্তু মঙ্গলবার এটি পুরো রাজধানী শহরের জন্য কার্যকর করা হয়।