১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ‘অগাস্টে পদত্যাগের ঘোষণা দিতে পারেন’

পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজ দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভেতর থেকেই বাড়তে থাকা বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ‘অগাস্টে পদত্যাগের ঘোষণা দিতে পারেন’
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগামী মাসের শেষের দিকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন, দেশটির মাইনিচি সংবাদপত্র বুধবার এমনটি জানিয়েছে।  

রোববার অনুষ্ঠিত নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে জাপানের ক্ষমতাসীন জোট। এই ফলাফল সত্ত্বেও ইশিবা প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চান বলে জানিয়েছেন। এতে নিজ দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভেতর থেকেই বাড়তে থাকা বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি, জানিয়েছে রয়টার্স। 

জাপানের দৈনিক ইয়োমিউরির তথ্য অনুযায়ী, ইশিবা মঙ্গলবার সন্ধ্যায় তার ঘনিষ্ঠজনদের বলেছেন যে বাণিজ্য আলোচনায় (যুক্তরাষ্ট্রের সঙ্গে) একটি সমাধানে পৌঁছানো গেলে নির্বাচনী পরাজয়ের দায় কীভাবে নেবেনে তা ব্যাখ্যা করবেন তিনি। 

এশিয়ার সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে লিখেন ‘মাত্রই জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিটিতে স্বাক্ষর করলাম’। 

ট্রাম্পের এই পোস্টের পর ইশিবা জানান, তিনি ওয়াশিংটনে অবস্থানরত জাপানের শুল্ক বিষয়ক শীর্ষ আলোচক ইয়োসি আকাজাওয়ার কাছ থেকে চুক্তি বিষয়ে বিস্তারিত অবহিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার অথবা টেলিফোনে কথা বলার জন্য প্রস্তুত। 

ওয়াশিংটনের সঙ্গে এই চুক্তি পদত্যাগ করার বিষয়ে তার সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নে ইশিবা বলেন, “চুক্তির ফলাফল যাচাই না করা পর্যন্ত বলতে পারছি না।”  

জাপানের রপ্তানি নির্ভর অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির ব্যাপক প্রভাব আছে। এই চুক্তি নিয়ে সমঝোতা হওয়ার আগ পর্যন্ত জাপান কঠিন চাপে ছিল। এর পাশাপাশি দেশটি বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে। 

এই অবস্থায় পদত্যাগ করে রাজনৈতিক শূন্যতা তৈরি না করার ওপর জোর দিচ্ছেন ইশিবা। আর এই কারণেই তিনি আপাতত প্রধানমন্ত্রী হিসেবে থাকতে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “আমি দায়িত্বে থাকবো আর এই সমস্যাগুলো সমাধানের পথ বের করার জন্য আমার ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করবো “ 

নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য ইশিবা বুধবার ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।