Published : 28 Jul 2026, 10:33 AM
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।
সোমবার ভোররাতে হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সেখানকার দুই বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন।
গ্রাম প্রধানের সচিব দোগন রানা জানান, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গ্রামটিতে তাণ্ডব চালায়। নিহতদের মধ্যে আটটি শিশু আছে। আহত হয়েছে আরও চারজন।
গ্রামটির আরেক বাসিন্দা তরুণ নেতা ইশায়া দাওয়া জানান, কাউরু স্থানীয় সরকারের এলাকার নারিদন গ্রামে মধ্যরাতের কিছুক্ষণ পর হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা গ্রামটির বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
দাওয়া জানান, কিছু গ্রামবাসীকে জবাই করা হয়েছে। নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ মর্গে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “নিহতের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ।”
হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায় আর হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আসে বলে জানান তিনি।
কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, শিগগিরই তারা বিস্তারিত জানাবেন।
নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও উত্তরমধ্যাঞ্চলের কিছু অংশে সশস্ত্র দল ও অন্যান্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে জনবসতিগুলো প্রায়ই প্রাণঘাতী হামলার শিকার হয়।
দেশটির উত্তরপূর্বাঞ্চল ইসলামপন্থি বোকো হারাম ও তাদের দলছুট ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকান পেনিনসুলার (আইএসডব্লিউএপি) প্রাণঘাতী বিদ্রোহের মোকাবেলা করছে। তবে কাদুনা রাজ্যের এ হামলার ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।