১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দাবদাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত

কোথাও কোথাও সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে।

দাবদাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত
ওয়াশিংটন ডিসির প্রচণ্ড গরমে একটু স্বস্তির আশায় এক শিশু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 12:20 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে বয়ে যাওয়া ‘বিপজ্জনক’ দাবদাহের কারণে দেশটির স্বাধীনতা দিবসের উদযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, শুক্রবার দেশটিতে ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে আয়োজিত কয়েক ডজন প্যারেড, কনসার্ট এবং আতশবাজি প্রদর্শনী বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও তীব্র গরমের কারণে বিঘ্নিত হয়েছে। শুক্রবার বিকালে ১০১ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়োজনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অবশ্য আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে কুলিং টেন্ট (শীতলীকরণ তাবু) এবং পানি ছিটানোর বিশেষ মিস্ট স্টেশন বসানোর মতো কিছু বিকল্প ব্যবস্থা নিয়ে তা ফের চালু করা হবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে রেকর্ড ভাঙা তাপমাত্রা মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে শুক্রবার ১৮৫ মিলিয়নেরও বেশি মানুষ তাপ সতর্কতার (হিট অ্যালার্ট) আওতায় ছিলেন। 

যুক্তরাষ্ট্রের অনেক অংশে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আবহাওয়াবিদ এবং সরকারি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, এই দাবদাহ প্রাণঘাতী হতে পারে। তারা স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বাইরে থাকা আমেরিকানদের প্রচুর পানি পান করার, ছায়ায় থাকার এবং বিভিন্ন জনসমাগম ও গণঅনুষ্ঠানে গরমজনিত অসুস্থতার লক্ষণগুলোর দিকে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, তীব্র গরমের কারণে অন্তত সাতটি রাজ্যে বড় বড় অনুষ্ঠান বাতিলের খবর পাওয়া গেছে। এর মধ্যে মেরিল্যান্ডের টাকোমা পার্ক, ফিলাডেলফিয়ায় স্বাধীনতা দিবসের প্যারেড এবং ভার্জিনিয়ার লাউডন কাউন্টির বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান রয়েছে।