১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যৎ পাক-ভারত সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে: পাকিস্তান সেনাবাহিনী

একদিন আগে পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান, তাতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

ভবিষ্যৎ পাক-ভারত সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে: পাকিস্তান সেনাবাহিনী
এক মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। ছবি: ডন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 12:37 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ভারতের সেনাপ্রধান সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার একদিন পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। 

শনিবার বাহিনীটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ভারতে সঙ্গে কোনো সংঘাত বাঁধলে পাকিস্তান ‘কোনো দ্বিধা বা সংযম ছাড়া দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে’ আর তা ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ ডেকে আনতে পারে’। 

পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, ভারতের শীর্ষ সামরিক-বেসামরিক নেতৃবৃন্দের ‘উস্কানির প্রেক্ষিতে’ পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) ওই বিবৃতি দিয়েছে। এ ধরনের কিছু ঘটলে পাকিস্তান ‘পিছিয়ে থাকবে না’ বলে জোরালোভাবে জানিয়েছে তারা। 

ওই বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী বলেছে, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী, তাদের সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের অতি উস্কানিমূলক বিবৃতির প্রেক্ষিতে আমরা সাবধান করে করছি যে একটি ভবিষ্যৎ সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। যদি নতুন করে কোনো শত্রুতা শুরু হয়ে যায় পাকিস্তান পিছিয়ে থাকবে না। আমরা দৃঢ়ভাবে জবাব দেব, কোনো দ্বিধা বা সংযম ছাড়াই।” 

শুক্রবার রাজস্থানের অনুপগড় সেনাঘাঁটিতে ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে।

“ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে, তবে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়।

“‘অপারেশন সিঁদুর ১.০’ তে ধৈর্য দেখানো হয়েছে, এইবার সেই সংযম আর দেখানো হবে না। এবার এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কী চায় না। যদি পাকিস্তান ভৌগলিক অবস্থান ধরে রাখতে চায়, তবে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ থামাতে হবে।”

এর মাধ্যমে দ্বিবেদী সম্ভাব্য আরেকটি সামরিক আক্রমণের ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা পাকিস্তানের। কারণ ভারতীয় সেনাপ্রধান তার সৈনিকদের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়ে বলেছেন, “ভগবান চাইলে শিগগিরই একটি সুযোগ পাবে তোমরা।”

একইদিন ভারতের বিমান বাহিনী প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাস দুই প্রতিবেশী দেশের মধ্যে তীব্র পাল্টাপাল্টি লড়াইয়ের মধ্যে তারা ‘এফ-১৬ ও জেএফ-১৭ মডেলের পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান’ ভূপাতিত করেছেন। অমর প্রীত সিংয়ের এ বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান।

এর আগে গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বক্তব্যে বলেছেন, “আমাদের সেনাদের অস্ত্র ও উচ্চ মনোবল, উভয়ই আছে। কোনো চ্যালেঞ্জই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। এটি হোক সন্ত্রাসবাদ বা অন্য যে কোনো সমস্যা। সেগুলোর সঙ্গে লড়াই করার ও তাদের সবাইকে পরাজিত করার সক্ষমতা আমাদের আছে।” 

রাজনাথের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ তার এক্স একাউন্টে পোস্ট করা আছে, জানিয়েছে ডন। 

পাকিস্তান আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, “নতুন কোনো আক্রমণ হলে আমরা ভৌগলিক অনাক্রম্যতার মিথ ছিন্নভিন্ন করে দেব, ভারতীয় ভূখণ্ডের সবচেয়ে দূরবর্তী লক্ষ্যে আঘাত হানব।

“পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কথার ক্ষেত্রে ভারতের অবশ্যই জানা দরকার, সে ধরনের কোনো পরিস্থিতি আসলে মুছে ফেলার বিষয়টি পারস্পরিক হবে।”  

আরও পড়ুন: 

পাকিস্তানকে 'মানচিত্র থেকে মুছে ফেলারহুঁশিয়ারি ভারতের সেনাপ্রধা