১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতে কেরালায় নির্বাচনের আগে কংগ্রেস নেতা মণিশঙ্করের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

কেরালা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন দলের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার।

ভারতে কেরালায় নির্বাচনের আগে কংগ্রেস নেতা মণিশঙ্করের মন্তব্যে বিতর্ক তুঙ্গে
মণিশঙ্কর আইয়ার। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 01:41 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

ভারতে কেরালা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কিত মন্তব্য করে নিজ দল কংগ্রেসকে বিপাকে ফেলেছেন বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার।  

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি দলের একাধিক শীর্ষ নেতাকে কটাক্ষ করার পাশাপাশি কংগ্রেসের নির্বাচনী সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। 

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে দিয়ে মণিশঙ্করের মন্তব্য কেরালায় কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে।

সাক্ষাৎকারে আইয়ার বলেন, কেরালায় কংগ্রেসের জয়ের সম্ভাবনা কম। কারণ, দলের নেতাদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে। তার কথায়, “কংগ্রেস নেতারা কমিউনিস্টদের যতটা ঘৃণা করেন, তার চেয়েও বেশি ঘৃণা করেন একে অপরকে।”

 কেরালার মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) সিপিএম- নেতা পিনারাই বিজয়নকে সম্প্রতি প্রশংসা করায় কংগ্রেসের অভ্যন্তরে মণিশঙ্কর আইয়ারকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। 

কংগ্রেস নেতারা মণিশঙ্করের সঙ্গে দূরত্ব রাখা শুরু করেছিল। তার মধ্যেই নতুন করে এই বোম ফাটালেন তিনি। সাক্ষাৎকারে শশী থারুর, জয়রাম রমেশ ও পবন খেরার মতো দলীর নেতাদের নিয়ে কড়া সমালোচনা করেছেন মণিশঙ্কর।

কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে ‘পুতুল’ আখ্যা দিয়ে মণিশঙ্কর বলেন, “গত দুই বছর ধরে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। যদি কংগ্রেস পবন খেরা ছাড়া অন্য কাউকে মুখপাত্র হিসেবে খুঁজে না পায়, তবে দলের অবস্থা এমনই (শোচনীয়) থাকবে।”

কেরালার নির্বাচনী সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি চাই কংগ্রেস জিতুক, কিন্তু বিশ্বাস করি না যে তারা জিতবে। কারণ, কংগ্রেস নেতারা বিভক্ত।”

তিরুবনন্তপুরমের চারবারের সংসদ সদস্য শশী থারুরকে ‘পাকিস্তান-বিরোধী’ আখ্যা দিয়ে মণিশঙ্কর বলেন, থারুর নিজেকে ‘পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে দেখার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন। 

এছাড়া, কংগ্রেসের যোগাযোগ প্রধান জয়রাম রমেশ সম্পর্কে মণিশঙ্কর বলেন, তাকে নিজের ‘চাকরি বাঁচাতে হয়’।

মণিশঙ্করের মন্তব্যের নিন্দা করে কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা প্রথম মুখ খুলেন। রোববার তিনি বলেন, “ওই নেতার (মণিশঙ্কর) সঙ্গে গত কয়েক বছর ধরে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।”

পরে পবনের সঙ্গে কংগ্রেস সাংসদ কে সুরেশ, জয়রাম রমেশও একই সুরে কথা বলেছেন। জয়রাম রমেশ দাবি করেন, কেরালায় মানুষ ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-জোটকেই ফিরিয়ে আনবে।