সাবেক পর্নো তারকা থেকে কলম্বিয়ার সেনেটর, কে এই দেইসি ওমানা?
৩৩ বছর বয়সি ওমানা হিস্টোরিক প্যাক্ট পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েছিলেন। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিষয়বস্তু নির্মাতাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হন তিনি।
একসময় ছিলেন সাংবাদিক। এরপর গিয়েছিলেন পর্নোজগতে। হয়ে উঠেছিলেন পর্নো ছবির তারকা। তারপর সবকিছু ছেড়ে যোগ দেন রাজনীতিতে। আইনসভার উচ্চকক্ষের সদস্যও নির্বাচিত হয়ে যান দেইসি আলেজান্দ্রা ওমানা ওরতিজ।
কলম্বিয়ার রাজনীতিতে আলোড়ন ফেলে নতুন সেনেটর হিসাবে শপথ নিয়েছেন তিনি। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিষয়বস্তু নির্মাতাদের অধিকার রক্ষা নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন ওমানা। তাদের হয়ে সেনেটে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পান তিনি।
বাবার দেওয়া নামের তুলনায় পর্নোজগতের অ্যামারান্তা হ্যাঙ্ক নামেই বেশি পরিচিত সাবেক এই পর্নো তারকা। গত মার্চে অনুষ্ঠিত কলম্বিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর সম্প্রতি রাজধানী বোগোটায় আনুষ্ঠানিকভাবে সেনেটর পদের দায়িত্ব নিয়েছেন ওমানা।
৩৩ বছর বয়সি দেইসি বামপন্থি হিস্টোরিক প্যাক্ট পার্টির প্রার্থী হিসাবে নরতে দে সানতানদের অঞ্চলের আসনের জন্য লড়াই করেন। এবছর দলটির প্রার্থী তালিকায় ২৩তম অবস্থানে ছিলেন তিনি। তবে দলটি পর্যাপ্ত আসন পাওয়ায় তিনি সেনেটে যাওয়ার সুযোগ পেয়েছেন। পাঁচ বছর মেয়াদের জন্য ওমানা শপথ নিয়েছেন।
কলম্বীয় সংবাদমাধ্যম লা ওপিনিয়নের বরাতে নিউ ইয়র্ক পোস্ট পত্রিকা জানিয়েছে, পেশায় সাংবাদিক ওরতিজ ২০১৭ সালে পর্ন জগতে পা রেখেছিলেন। দুই বছর পর এই জগত ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
নির্বাচনী প্রচারে ওমানা বলেছিলেন, প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু তৈরি করা নির্মাতাদের অন্য সব পেশাজীবীর মতো শ্রমিক হিসাবে স্বীকৃতি, আইনি সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।
এ বিষয়ে তার অভিযোগ, এই পেশায় কাজ করা অনেকেই বৈষম্য, সামাজিক কলঙ্ক এবং কর্মক্ষেত্রে অধিকার সংক্রান্ত বঞ্চনার শিকার হন। তাদের জন্য স্পষ্ট শ্রমনীতি, স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে তিনি সেনেটে আওয়াজ তুলবেন বলে দাবি করেন।
এছাড়াও নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক ভাবে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্যও আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ওমানা।
এক নির্বাচনী প্রচারের ভিডিওতে তিনি বলেছিলেন, ভুল তথ্য, সামাজিক কুসংস্কার ও দ্বিমুখী নীতির কারণে রাষ্ট্র নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কারণ কেউ এ খাতকে নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেয়নি।
রাজনীতিতে আসার পর সমালোচকদেরও কড়া জবাব দিয়েছেন সাবেক এই পর্ন তারকা।
সাবেক পর্ন তারকাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, “পর্নজগতে কাজ করা কোনও নারী কেন জনগণের ভোটে নির্বাচিত কোনও পদে যেতে পারবেন না?”
নিজের বক্তব্যের সপক্ষে তিনি সত্তরের দশকের রেডিও উপস্থাপক থেকে ইতালির আইনপ্রণেতা হওয়া ইলোনা স্ট্যালারের উদাহরণ টেনে আনেন।
ওমানা বলেন, “আমার অভিজ্ঞতা আমাকে বৈষম্য, স্বাধীনতার সংগ্রাম ও সাধারণ মানুষের অর্থনীতির প্রকৃত অবস্থা বুঝতে শিখিয়েছে। আইনসভার বিতর্কে আমি এই যুক্তিগুলোই সরাসরি তুলে ধরব।“
তিনি আরও বলেন, “মূল সমস্যা হল, সমাজ অ্যাডাল্ট কনটেন্ট উপভোগ করে ঠিকই, কিন্তু ক্ষমতার জায়গায় আমাদের কথা বলার অধিকার দিতে অস্বীকার করে।”
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর রাজনৈতিক দল ‘হিস্টোরিক প্যাক্ট’ বর্তমানে সেনেটের সর্ববৃহৎ দল, যার আসন সংখ্যা ২৫টি। দেশটির বর্তমান রাজনীতিতে দলটি অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি।
কলম্বিয়ার জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সর্বশেষ নিনেট নির্বাচনে এই জোট মোট ভোটের ২২ দশমিক ৭২ শতাংশ অর্জন করেছে এবং সেনেটে ২৫ আসনে জয় ছিনিয়ে এনেছে।
নির্বাচনে জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমানা বলেন, “আমি আমার জনগণের ভালোবাসা ও সমর্থন অনুভব করছি।” কুকুটা শহরে জন্মগ্রহণ করা এবং সদ্য শপথ নেওয়া সেনেটর ওমানার ঘোষণা, তার আইন প্রণয়ন কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য এবং যৌন নির্যাতন প্রতিরোধের বিষয়টিও থাকবে।
এক ভাষণে তিনি বলেন, ‘‘অভিজ্ঞতা আমার জন্য বৈষম্য, স্বাধীনতা সংগ্রাম এবং গণ-অর্থনীতি বুঝে উঠতে সহায়ক হয়েছে। আমার অভিজ্ঞতালব্ধ যুক্তি দিয়ে সরাসরি আইন প্রণয়ন সংক্রান্ত বিতর্কে সব দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’
