১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তান উত্তেজনা: দিল্লি বিমানবন্দরের ১৩৮টি ফ্লাইট বাতিল

ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীন মিলিয়ে এই শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা: দিল্লি বিমানবন্দরের ১৩৮টি ফ্লাইট বাতিল
বিমানবন্দর বন্ধ হয়ে বহু ফ্লাইট বাতিল হয়। ছবি: এনডিটিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

ভারত-পাকিস্তানের মধ্য়ে তীব্র উত্তেজনা ও সীমান্ত অঞ্চলে হামলার আশঙ্কার কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাজধানী দিল্লির বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীন মিলে বাতিল হয়েছে ১৩৮ টি ফ্লাইট।

এনডিটিভি জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি বহির্গামী অভ্যন্তরীন ফ্লাইট এবং ৬৩টি আগত অভ্যন্তরীন ফ্লাইট, ৫ টি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট এবং ৪ টি আগত আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবার ভোর ৫ টা থেকে দুপুর ২ টার মধ্যে ফ্লাইটগুলো বাতিল হয়।

কাশ্মীরে গত ২২ এপ্রিলের জঙ্গি হামলার বদলায় ‘অপারেশন সিঁদুর’ অভিযানে বুধবার পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী।

এই প্রত্যাঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে আছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসরসহ বিভিন্ন স্থানের বিমানবন্দর।  

শনিবার বিকাল পর্যন্ত এই বিমানবন্দরগুলো বন্ধ থাকবে। সেকারণে অনেক ফ্লাইটিই বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। চলছে বাড়তি তল্লাশি।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘‘দিল্লি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে কিছু ফ্লাইটের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।”