Published : 29 Oct 2025, 05:48 PM
প্রশান্ত মহাসাগরে ৪টি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ওই নৌযানগুলোতে মাদক পরিবহন করা হচ্ছিল বলে সন্দেহ তাদের।
এদিকে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, মার্কিন হামলায় বেঁচে যাওয়ার একজনের খোঁজে তারা উপকূলীয় শহর অ্যাকাপুলকো থেকে প্রায় ৬৪৩ কিলোমিটার দূরে পানিতে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে তাদের ভাষায় মাদকবাহী সন্দেহজনক নৌযানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, সোমবার তার সর্বশেষটি হয়েছে বলে হেগসেথের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ীই এ হামলা হয়েছে।
এসব হামলার বৈধতা নিয়ে বিশ্বজুড়েই প্রশ্ন উঠছে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সাংসদরাই প্রেসিডেন্টের এমন হামলার নির্দেশ দেওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ট্রাম্প আদৌ এমন হামলার নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখেন কিনা তা নিয়েও প্রশ্ন করে যাচ্ছেন তারা।
মেক্সিকোর প্রেসিডেন্ড ক্লাউদিয়া শেইনবাউম মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এসব হামলা ‘সমর্থন করি না’। তিনি মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর প্রতিনিধিদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করারও নির্দেশ দিয়েছেন।
“সব আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান দেখানো হোক, চাই আমরা,” বলেছেন শেইনবাউম।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কথিত ‘মাদকবাহী নৌযানে’ যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব হামলাকে কেন্দ্র করে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সরকারের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনাও বাড়ছে।
হেগসেথ এক্সে বলেছেন, “যে চারটি নৌযানে হামলাগুলো হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর পরিচিত। তাছাড়া সেগুলো মাদক পরিবহনের পরিচিত রুট ধরে চলছিল ও মাদক পরিবহন করছিল।”
চারটি নৌযান লক্ষ্য করে এ তিনটি হামলা হয় বলে জানিয়েছে স্কাই নিউজ।
হেগসেথের পোস্টে দেওয়া ভিডিওতে মার্কিন হামলার পর একাধিক নৌযানে আগুন ধরে যেতে দেখা গেছে।
“প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই দশকের বেশি সময় ধরে অন্যের মাতৃভূমির সুরক্ষায় কাজ করেছে, এবার আমরা আমাদের নিজেদের মাতৃভূমির সুরক্ষা নিশ্চিত করছি,” লিখেছেন তিনি।