Published : 14 Aug 2026, 08:27 PM
পিৎজা তৈরির যন্ত্রে পোড়া তেলের অংশ ও পোকা-মাকড় পাওয়ার পর ভারতের মহারাষ্ট্রে ডমিনো’স এর চারটি আউটলেটের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
সেইসঙ্গে অনেক পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় পিৎজা হাটেরও একটি আউটলেটের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
রাজ্যের খাদ্য নিয়ন্ত্রণক সংস্থা অভিযান চালিয়ে এ ব্যবস্থা নিয়েছে বলে শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেপসিকো ও ডিয়াজিওসহ কয়েকটি কোম্পানির পণ্যের লেবেলিংয়ের ওপর কঠোর নজরদারি শুরু করেছে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করেছে।
মহারাষ্ট্রে খাদ্য নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে তুকারাম মুন্ডের দায়িত্ব নেওয়ার নিয়মিত অভিযান জোরদার করেছেন তিনি। জনপ্রিয় বেশ কিছু খাবারের দোকান বন্ধও করে দিয়েছেন। এমন অভিযানের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
ভারতের রাস্তার পাশে অনেক খাবারের দোকান ও স্থানীয় রেস্তোরাঁগুলোর খাবারের নিম্নমানের জন্য বদনাম রয়েছে। গত মঙ্গলবার মহারাষ্ট্রের খাদ্য পরিদর্শকরা ১০০টিরও বেশি আউটলেট ঘুরে দেখেছেন। এর মধ্যে ৯৫টিকে সংশোধনের নোটিসে দিয়েছেন তারা।
তুকারাম মুন্ডের দায়িত্ব নেওয়ার পর ডমিনো’স ও পিৎজা হাটের মত বিদেশি ব্র্যান্ডের আউটলেটগুলোতেও অভিযান চালানো হচ্ছে। যদিও এ আউটলেটগুলোতে খাদ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সুনাম রয়েছে।
ভারতের খাদ্য নিরাপত্তা বিভাগ বলছে, মুম্বাইয়ের তিনটি আর অন্য একটি শহরে ডমিনো’স এর একটি আউটলেটে পোকা-মাকড় দমনের অভাব ছিল। খাদ্যপণ্যের মানের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।
গত কয়েক বছরে ডমিনো’স ও পিৎজা হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতে। ছোট শহরগুলোতেও তারা আউটলেট বসিয়েছে। প্রায় ২ হাজার ৪০০টি আউটলেট নিয়ে ডমিনো’স বর্তমানে ভারতের বৃহত্তম ফাস্টফুড চেইন শপ।
খাদ্যপণ্যে পোড়া তেল ও পোকা-মাকড় নিয়ে ডমিনো’সকে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া না পাওয়ার কথা লিখেছে রয়টার্স।