১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশ্মীরে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনা মার্কিন সরকারি প্যানেলের

পোস্টের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের খবরটির অনলাইন ভার্সনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে তারা, যেখানে ‘মিলিট্যান্ট’ শব্দটি কেটে তার নিচে ‘টেরোরিস্ট’ লিখে দেওয়া হয়েছে। তারপর বলেছে, “হেই, নিউ ইয়র্ক টাইমস, আমরা তোমার জন্য এটি ঠিক করে দিয়েছি।”

কাশ্মীরে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনা মার্কিন সরকারি প্যানেলের
টুইটারে পোস্টে এই স্ক্রিনশটই শেয়ার করেছে হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি মেজরিটি। এটিই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির অফিসিয়াল অ্যাকাউন্ট। ছবি: টুইটার

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের করা প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সরকারি প্যানেল।  

মঙ্গলবার পেহেলগামের বৈসরণ এলাকায় বেসামরিক পর্যটকদের ওপর হওয়া ওই হামলায় অন্তত ২৫ ভারতীয় ও এক নেপালি নিহত হন। 

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এ হামলার দায় স্বীকার করেছে; অথচ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে হামলাটি ‘সশস্ত্র বিদ্রোহীদের’ দ্বারা সংগঠিত হয়েছে বলে লেখা হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ওই ‘গুলির’ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ অ্যাখ্যা দিয়েছেন প্রতিবেদনের শুরুতে তাও আছে, বলছে এনডিটিভি। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সরকারের পররাষ্ট্র বিষয়ক কমিটি নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনকে ‘বাস্তবতা বিবর্জিত’ বলে অ্যাখ্যা দেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যমটির যে খবর নিয়ে এত আলোচনা, তার শিরোনাম ছিল- ‘কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহীদের গুলিতে অন্তত ২৪ পর্যটক নিহত’। 

“সহজ-সরলভাবে বললে, এটা একটা সন্ত্রাসী হামলা। কী ভারত, কী ইসরায়েল, যখনই সন্ত্রাসবাদের প্রসঙ্গ আসে, তখনই নিউ ইয়র্ক টাইমস বাস্তবতা বিচ্ছিন্ন হয়ে পড়ে,” বলেছে প্যানেলটি।  

পোস্টের সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের খবরটির শিরোনাম আর টিজারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে তারা, যেখানে শিরোনামের ‘মিলিট্যান্ট’ শব্দটি কেটে তার নিচে ‘টেরোরিস্ট’ লিখে দেওয়া হয়েছে। 

তারপর বলেছে, “হেই, নিউ ইয়র্ক টাইমস, আমরা তোমার জন্য এটি ঠিক করে দিয়েছি।”

এনডিটিভি লিখেছে, ইংরেজিতে ‘মিলিট্যান্সি’ শব্দটি সাধারণত ব্যবহৃত হয় কোনো দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা সামাজিক লক্ষ্য অর্জনের লক্ষ্যে করা সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে। অন্যদিকে সন্ত্রাসবাদের বাহ্যিক প্রেক্ষাপট থাকে, যেখানে একটি বৃহত্তর উদ্দেশ্যে বা লক্ষ্যে অঞ্চলকে অস্থিতিশীল করতে সহিংসতার পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একটি নির্দিষ্ট ভূখণ্ডে ভয়ের পরিবেশ সৃষ্টি করে বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে অসম যুদ্ধ চালানো হয়।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল, “নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিকে দেওয়া ব্রিফিংয়ে কাশ্মীরে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্তের ওপারের বিভিন্ন যোগসাজশের কথা তুলে ধরা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি সফল নির্বাচন আয়োজন এবং অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এর ক্রমশ যাত্রার মধ্যে এই হামলা হয়েছে বলে সেখানে উঠে এসেছে।” 

হামলার দায় স্বীকার করা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে’ ছায়া দিচ্ছে লস্কর-ই-তৈয়বা, যারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। অর্থ্যাৎ, এটি যে সন্ত্রাসের সঙ্গে জড়িত তা দুনিয়াব্যাপী স্বীকৃত, তারপরও পশ্চিমা অনেক গণমাধ্যম এখনও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে কখনো সাদামাটাভাবে ‘গুলির ঘটনা’ বা ‘সশস্ত্র বিদ্রোহীদের’ দ্বারা সংঘটিত ঘটনা হিসেবে দেখে আসছে, বলছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যমটির ভাষ্য, ইউক্রেইনে হামলার পর রাশিয়াকে যারা ‘আগ্রাসনকারী’ অ্যাখ্যা দিয়েছে, সেই একই পশ্চিমা গণমাধ্যমগুলো যখন কাশ্মীর, সেখানে সন্ত্রাসী হামলা এবং তাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রতিবেদন ছাপে তাতের তাদের দৃষ্টিভঙ্গির ‘দ্বিচারিতা’-ই ফুটে ওঠে।