১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় অপহৃত আরও ১৩০ শিশু শিক্ষার্থী মুক্ত

“এখন আর কোনো শিক্ষার্থী বন্দিদশায় নেই।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 10:15 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত বাকি ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি লিখেছে, নাইজেরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণ-অপহরণের ঘটনার পর এ মুক্তিকে ‘জয় ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে নাইজেরিয়ার ফেডারেল সরকার।

গত ২১ নভেম্বর পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে ২৫০ জনের বেশি শিশু ও কর্মীকে অপহরণ করা হয়। চলতি মাসের শুরুতে প্রায় ১০০ জন শিশুকে মুক্ত করা হয়েছিল।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে ‘বাকি ১৩০ শিশু ও কর্মীর উদ্ধারের’ কথা জানিয়ে বলেছে, “এখন আর কোনো শিক্ষার্থী বন্দিদশায় নেই।”

প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা রোববার বলেন, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এখন ২৩০।

বিবিসি লিখেছে, ঠিক কতজনকে অপহরণ করা হয়েছিল এবং কতজন বন্দিদশায় ছিল—তা ঘটনার পর থেকেই অস্পষ্ট ছিল।

সবশেষ মুক্তির জন্য সরকার কীভাবে ব্যবস্থা নিয়েছে বা কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না—তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ওনানুগার ঘোষণার সঙ্গে শিশুদের হাসিমুখে হাত নাড়ানোর ছবি প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা সোমবার নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আগের দফায় মুক্তির সময় পাশের নাসারাওয়া রাজ্যের গভর্নর আবদুল্লাহি সুলে স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন, ফেডারেল সরকার এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

তবে নিরাপত্তাজনিত কারণে ‘পর্দার আড়ালের প্রচেষ্টা’ প্রকাশ করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

নাইজেরিয়ার ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন জানিয়েছে, অপহরণের সময় ৫০ শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।

নভেম্বরের এই অপহরণ—উত্তর ও মধ্য নাইজেরিয়ায় স্কুল ও উপাসনালয় লক্ষ্য করে বাড়তে থাকা হামলার সবশেষ ঘটনা।

সেন্ট মেরিসে হামলার কয়েক দিন আগেও গণ-অপহরণ ঘটেছিল।

১৮ নভেম্বর কোয়ারা রাজ্যে ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চে হামলায় দুজন নিহত ও ৩৮ জন অপহৃত হয়। তার এক দিন আগে কেব্বি রাজ্যের গভর্নমেন্ট গার্লস সেকেন্ডারি স্কুলে দুজন নিহত এবং ২৫ জন মুসলিম ছাত্রী অপহৃত হয়।

কোয়ারা ও কেব্বি হামলায় অপহৃত সবাইকে পরে মুক্ত করা হয়।

বিবিসি লিখেছে, এসব অপহরণের পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, মুক্তিপণের জন্য অপরাধী চক্রগুলোই এসব ঘটনার সঙ্গে জড়িত।

গত ৯ ডিসেম্বর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু বলেন, স্কুলগুলোকে সুরক্ষিত রাখতে এবং শিশুদের জন্য শিক্ষার পরিবেশ আরও নিরাপদ ও উপযোগী করে তুলতে তার সরকার নাইজারসহ অন্যান্য রাজ্যের সঙ্গে কাজ চালিয়ে যাবে। 

পুরনো খবর

নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের হোস্টেল থেকে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ