Published : 29 Aug 2022, 02:05 PM
অ্যাপল সম্ভবত তাদের মিক্সড রিয়ালিটি হেডসেটে ‘রিয়ালিটি’ শব্দটির ব্র্যান্ডিংয়ের দিকেই যাচ্ছে। ‘রিয়ালিটি ওয়ান’, ‘রিয়ালিটি প্রো’ এবং ‘রিয়ালিটি প্রসেসর’ নামগুলোর জন্যে তিনটি আলাদা ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে। এই তিনটি নামেরই মিল রয়েছে ‘রিয়ালিটিওএস’ নামটির সঙ্গে, যেটি এর আগে অ্যাপলের কোড এবং অপর একটি ট্রেডমার্ক আবেদনে দেখা গেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ‘রিয়ালিটিওএস’ নামটি সম্ভবত আসন্ন হেডসেটের অপারেটিং সিস্টেমকে বোঝায়।
এই আবেদনগুলো জমা পড়েছে ‘ইমার্সিভ হেলথ সলিউশন্স, এলএলসি’ নামে এক কোম্পানির মাধ্যমে। কোনো নাম ট্রেডমার্ক করার ক্ষেত্রে নিজস্ব পরিকল্পনাকে গোপন রাখতে প্রায়ই ভিন্ন কাগজসর্বস্ব কোম্পানির নাম ব্যবহার করে অ্যাপলের মতো কোম্পানিগুলো। এদেরকে সাধারণত শেল কোম্পানি বলা হয়।
মার্কিন প্রকাশনা ব্লুমবার্গ বলছে, ডেলাওয়্যার ভিত্তিক এই কোম্পানিটির নিবন্ধন করেছে ‘কর্পোরেশন ট্রাস্ট কো’। ‘রিয়ালিটিওএস’ নামটি ট্রেডমার্কের সময়ও আবেদনকারী হিসেবে এই নামটিই পাওয়া গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সৌদি আরব, কোস্টারিকা এবং উরুগুয়েতেও নতুন নামগুলোর আবেদন জমা পড়েছে।
তিনটি আবেদনেই ‘ভার্চুয়াল’ এবং ‘অগমেন্টেড’ রিয়ালিটি হেডসেট, ‘গগলস’, ‘গ্লাস’, ও ‘স্মার্টগ্লাসের’ কথা উল্লেখ রয়েছে।
ভার্জের প্রতিবেদন বলছে, ‘রিয়ালিটি ওয়ান’ নামের ট্রেডমার্ক সম্ভবত হেডসেটকেই বুঝিয়েছে। ‘রিয়ালিটি প্রো’ হতে পারে হেডসেটের একটি ‘চশমা-ভিত্তিক’ সংস্করণ, যা অ্যাপল পরিকল্পনা করে রেখেছে ভবিষ্যতের জন্য। আর ‘রিয়ালিটি প্রসেসর’ থেকে ইঙ্গিত মিলছে হেডসেটের প্রসেসিং ইউনিটের, যেখানে ‘এম২ চিপ’ ব্যবহৃত হবে বলে গুজব রয়েছে।
অ্যাপলের ‘ফার আউট’ আয়োজনের মাত্র এক সপ্তাহ আগে নতুন এই সব নামের আবেদন জমা পড়ল। তবে, এই আয়োজনে মিক্সড রিয়ালিটি হেডসেটের দেখা পাওয়ার সম্ভাবনা কম।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘অগমেন্টেড রিয়ালিটি (এআর)’ এবং ‘ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর)’ দুটো অভিজ্ঞতাই থাকতে পারে অ্যাপলের বহুল প্রতীক্ষিত এই হেডসেটে। পাশাপাশি, ‘অ্যাপল ম্যাপস’ ও ‘ফেইসটাইম’-এর ‘ভিআর’ সংস্করণ এবং হলিউডি সিনেমার অভিজ্ঞতাও মিলতে পারে ডিভাইসটিতে।
মে মাসে অ্যাপলের পরিচালনা পর্ষদে হেডসেটটি দেখানোর খবর মিললেও বিশ্লেষক মিং-চি কুয়োর অনুমান অনুসারে হেডসেটটি ২০২৩ সালের জানুয়ারি মাসের আগে বাজারে আসার সম্ভাবনা নেই।