১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়াতে পারে স্যামসাং

অভ্যন্তরীণ যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় স্যামসাং নতুন সিরিজের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়াতে পারে স্যামসাং
দাম বাড়ার পেছনে একটি কারণ স্মার্টফোনে এআই প্রযুক্তির সংযোজন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

আসন্ন গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়াতে যাচ্ছে স্যামসাং। পাশাপাশি, বিক্রি কমে যাওয়ায় ‘এজ’ সিরিজ বন্ধ করছে কোম্পানিটি। ফলে ‘গ্যালাক্সি এস২৬ এজ’ নামে কোনো মডেল বাজারে আসছে না।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটিনিউজ লিখেছে, অভ্যন্তরীণ যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় স্যামসাং নতুন সিরিজের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে উঠে এসছে, মেমোরি সেমিকন্ডাক্টর বাজারের প্রবৃদ্ধি এবং মূল উপাদানের দাম বৃদ্ধিই এর প্রধান কারণ। 

কোম্পানিটি বলছে, গত বছরের তুলনায় অ্যাপ্লিকেশন প্রসেসরের দাম বেড়েছে ১২ শতাংশ আর ক্যামেরা মডিউলের দাম বেড়েছে আট শতাংশ।

এ বছর গ্যালাক্সি এস২৫ সিরিজ আগের গ্যালাক্সি এস২৪ সিরিজের সমান দামেই বাজারে এসেছিল। তবে এস২৬ সিরিজে সেই ধারা থাকছে না। নতুন সিরিজের দাম বাড়ার বিষয়টি প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।

দাম বাড়ার পেছনে আরেকটি কারণ হলো স্মার্টফোনে এআই প্রযুক্তির সংযোজন। বর্তমানে প্রায় সব নির্মাতা কোম্পানি এআই ফিচার যুক্ত ফোন বাজারে আনছে। স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি এআই প্রযুক্তিও তাদের ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম ফিচার। এই ফিচারগুলো চালাতে হাই ব্যান্ডউইথ মেমোরির প্রয়োজন হয়। মেমোরিটির চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে।

এদিকে, আগের মতই গ্যালাক্সি এস২৬ সিরিজে থাকছে তিনটি মডেল- গ্যালাক্সি এস২৬, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং গ্যালাক্সি এস২৬ আলট্রা।

নিওউইন লিখেছে, সম্প্রতি এক কেইস নির্মাতার ফাঁস করা ছবিতে দেখা গেছে, গ্যালাক্সি এস২৬ আলট্রা মডেলটিতে নতুন ক্যামেরা বাম্প ডিজাইন যুক্ত হচ্ছে। এতে ফোনটি অনেকটা গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর মতো দেখায়।

তবে ফোনটির দাম ঠিক কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে গ্যালাক্সি এস২৬ সিরিজের মূল্য নিয়ে জল্পনা এবং আগ্রহ এখনো চলমান।