১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেন্ট যোসেফ-এ আয়োজিত হল প্রথম আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা

মেলায় বিভিন্ন স্কুল থেকে পাঁচশ’র বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও জীববিজ্ঞান অলিম্পিয়াড।

সেন্ট যোসেফ-এ আয়োজিত হল প্রথম আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা
বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি ছিল প্রকল্প প্রদর্শনী। ছবি: টাইটানিয়াম সায়েন্স ক্লাব

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 10:44 AM

Updated : 26 Aug 2026, 03:23 PM

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা “নোভা ২০২৬” আয়োজিত হয়েছে। স্কুলের টাইটানিয়াম সায়েন্স ক্লাবের উদ্যোগে ছিল তিন দিনব্যাপী এই আয়োজন।

১৫ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে শুরু হওয়া মেলায় বিভিন্ন স্কুল থেকে পাঁচশ’র বেশি শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও জীববিজ্ঞান অলিম্পিয়াড। 

আয়োজক সংগঠন বলছে, তাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বিজ্ঞানকে বাস্তব ও সৃজনশীলভাবে বোঝার সুযোগ করে দেওয়া।

বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি ছিল প্রকল্প প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা আধুনিক সমস্যা ও বৈজ্ঞানিক ধারণা নিয়ে নিজেদের উদ্ভাবনী কাজ তুলে ধরেছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রকল্প দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাক ড. শারমিন নীলোৎপল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. এএফএম ইউসুফ হায়দার। গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ডেভিড ডলেন। এতে অতিথি হিসেবে আরও যোগ দেন কয়েকজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

মেলায় নতুন মাত্রা যোগ করে অ্যানিমে কুইজ, যেখানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। এ ছাড়া ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন।

স্কুলের প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেস বলেন, “নোভা ২০২৬ প্রমাণ করেছে, বিজ্ঞান শিক্ষা তখনই বেশি কার্যকর হয় যখন তা হাতে-কলমে শেখা ও শিক্ষার্থী নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে পরিচালিত হয়।” 

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরের বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের পথ তৈরি করবে।