১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোলার লাইট চার্জে সূর্যের আলোই লাগবে, নাকি অন্য আলোতেও হয়?

বিভিন্ন ধরনের কৃত্রিম আলো থেকেও সোলার লাইট চার্জ করতে পারে। কৃত্রিম আলো দিয়ে চার্জ সাধারণত কম শক্তি প্রয়োজন হয় এমন সোলার লাইটে কাজ করে।

সোলার লাইট চার্জে সূর্যের আলোই লাগবে, নাকি অন্য আলোতেও হয়?
সোলার লাইটকে রোদে রাখা সবসময়ই বেশি কার্যকর। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 04:49 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

সোলার পাওয়ার্ড লাইট চার্জ করতে নানা ধরনের আলোর উৎস ব্যবহার করা যেতে পারে। আর সেগুলোর ব্যবহারযোগ্যতা কি একই মানের?

সূর্যের আলোতে এই বাতিগুলো সবচেয়ে ভালোভাবে চার্জ হয়। তাই লাইটকে রোদে রাখা সবসময়ই বেশি কার্যকর। এতে সোলার প্যানেলের মতোই প্রযুক্তি ব্যবহার করা হয় এবং ভালো মানের সোলার প্যানেল মেঘলা দিন বা শীতের অন্ধকার সময়েও বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

সমস্যা হলো, মেঘলা আবহাওয়া বা শীতকালে সোলার প্রযুক্তি থেকে পাওয়া বিদ্যুতের পরিমান কমে যেতে পারে। প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল, ধুলার পরিমাণ এবং কতটুকু আলো পাচ্ছে তার উপর এর কার্যকারিতা নির্ভর করে। 

গবেষণা বলছে, অনুভূমিকভাবে স্থাপন করা সোলার প্যানেলগুলো শীতকালে গ্রীষ্মকালের তুলনায় প্রায় ২০.০৯ শতাংশ কম বিদ্যুৎ উৎপাদন করে। তাই বলা যায়, লাইটকে কার্যকরভাবে চার্জ করতে অনেক সময় শুধু বাইরে রাখা বা জানালার পাশে রাখাই যথেষ্ট নয়।

প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, বিভিন্ন ধরনের কৃত্রিম আলোও সোলার লাইট চার্জ করতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত ফোটোভোল্টাইক প্রযুক্তি যা সোলার প্যানেলে ব্যবহার করা হয় এটি ইনডোর লাইট থেকেও বিদ্যুৎ তৈরি করতে পারে। যেসব কৃত্রিম আলো থেকে সোলার লাইট চার্জ নিতে পারে তার মধ্যে রয়েছে ফ্লুরোসেন্ট, এলইডি, এবং ইনক্যান্ডেসেন্ট লাইট।

কৃত্রিম আলো কতটা কার্যকর?

সাধারণভাবে, কৃত্রিম আলো সূর্যের আলোর তুলনায় অনেক কম কার্যকর। সূর্য যে কোনো ইনডোর লাইটের চেয়ে অনেক বেশি শক্তি দেয়। উদাহরণ হিসেবে দুপুরের সরাসরি রোদ এক লাখ+ লাক্স দিতে পারে আর মেঘলা দিনেও সোলার প্যানেল প্রায় ২৫ হাজার লাক্স পর্যন্ত পেতে পারে। অন্যদিকে, ফ্লুরোসেন্ট লাইট মাত্র তিনশ থেকে পাঁচশ লাক্স দেয় আর হ্যালোজেন ফ্লাডলাইট এক হাজার থেকে দুই হাজার লাক্স পর্যন্ত যেতে পারে।

এর মানে, কৃত্রিম আলো দিয়ে চার্জ সাধারণত শুধু কম শক্তি যেমন ঘন্টায় দুই থেকে ১০ ওয়াট শক্তির প্রয়োজন হয় এমন সোলার লাইটে কাজ করে। সৌভাগ্যবশত, বাসা-বাড়িতে ব্যবহৃত সোলার লাইটে সাধারণত ঘন্টায় পাঁচ থেকে ১০ ওয়াটের প্রয়োজন হয়। মানে, এগুলো কৃত্রিম আলোতে চার্জ করা সম্ভব।

তবে স্ট্রিট লাইটের বেলায় সম্পূর্ণ ভিন্ন বিষয়। অনেকেই সৌন্দর্য বা নিরাপত্তার জন্য স্থায়ী আউটডোর সোলার লাইট ব্যবহার করেন এবং এগুলো কৃত্রিম আলোতে চার্জ করা প্রায় অসম্ভব। এগুলোর ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে সূর্যের আলো যেন সহজে প্যানেলে পৌঁছাতে পারে। মেঘলা দিনে সোলার লাইটের চার্জ বাড়াতে আয়না বা অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্রতিফলক বসিয়ে আলো বাড়ানো যেতে পারে।