১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আউটলুক ক্র্যাশ’ সমস্যা, দ্বিতীয় জরুরি আপডেট মাইক্রোসফটের

ক্লাউডে সংরক্ষিত ফাইল ওপেন বা সেইভ করার সময় কিছু অ্যাপ কাজ করা বন্ধ করে দিচ্ছিল বা ত্রুটির বার্তা পেয়েছেন কিছু ব্যবহারকারী। এ ত্রুটি সারিয়ে তুলবে এ আপডেট।

‘আউটলুক ক্র্যাশ’ সমস্যা, দ্বিতীয় জরুরি আপডেট মাইক্রোসফটের
পরিস্থিতি জটিল হওয়ায় প্রচলিতসময়ের আগেই এ জরুরি আপডেট আনল কোম্পানিটি। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের আউটলুক ক্র্যাশ করার সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে দ্বিতীয়বারের মতো আপডেট প্রকাশ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ২০২৬ সালের জানুয়ারির সিকিউরিটি আপডেটের পর আউটলুক ও ক্লাউডে সংরক্ষিত ফাইল ব্যবহারে যেসব সমস্যা দেখা দিচ্ছিল ‘আউট-অফ-ব্যান্ড’ নামের এ দ্বিতীয় জরুরি প্যাচটি সেই ত্রুটি দূর করবে।

মাইক্রোসফট বলেছে, ক্লাউডে সংরক্ষিত ফাইল ওপেন বা সেইভ করার সময় কিছু অ্যাপ কাজ করা বন্ধ করে দিচ্ছিল বা ত্রুটির বার্তা পেয়েছেন কিছু ব্যবহারকারী। এ ত্রুটি সারিয়ে তুলবে এ আপডেটটি।

এ ছাড়া, কিছু ব্যবহারকারী বলেছিলেন, ‘ওয়ানড্রাইভ’-এর মতো ক্লাউড অপশনে পিএসটি ফাইল রাখার সময় আউটলুক ক্র্যাশ বা একদমই ওপেন হচ্ছিল না। কোম্পানিটির নতুন আপডেট ইনস্টল করলে এ সমস্যাও আর থাকবে না।

জানুয়ারির সিকিউরিটি আপডেটের বিভিন্ন ত্রুটি সারাতে এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো জরুরি আপডেট আনল মাইক্রোসফট। পরিস্থিতি জটিল হওয়ায় প্রচলিত সময়ের আগেই এ জরুরি আপডেট আনতে হল।

গত সপ্তাহেও কিছু উইন্ডোজ ১১ ডিভাইস বন্ধ হচ্ছিল না। আবার উইন্ডোজ ১০ বা ১১ চালিত কিছু ডিভাইসে রিমোট কানেকশনের মাধ্যমে লগ-ইনও করা যাচ্ছিল না। সেই সমস্যা সামাধানে প্রথম জরুরি আপডেট প্রকাশ করেছিল মাইক্রোসফট।

কোম্পানিটি কেবল তখনই এ ধরনের ‘আউট-অফ-ব্যান্ড’ আপডেট প্রকাশ করে যখন এমন কোনো গুরুতর সমস্যা দেখা দেয়, যা সারানোর জন্য নিয়মিত আপডেট চক্র পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়।

সর্বশেষ এ আপডেটটি ‘কিউমুলেটিভ’, অর্থাৎ জানুয়ারির আপডেটে যত সমস্যা দেখা দিয়েছে তা সবগুলো সমাধান পেতে ব্যবহারকারীকে কেবল এই একটি আপডেট ডাউনলোড ও ইনস্টল করলেই হবে।