Published : 03 Dec 2025, 05:07 PM
কর্মীদের ন্যূনতম বেতন ও বকশিশ নিয়ে আইন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিরুদ্ধে মামলা করেছে সে দেশের একটি কোম্পানি।
নিউ ইয়র্ক শহর পাঁচটি নতুন আইন করছে, যেখানে বিভিন্ন কোম্পানিকে তাদের ডেলিভারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়াতে হবে ও গ্রাহকদের অন্তত ১০ শতাংশ টিপ দেওয়ার বিকল্প রাখতে হবে। তবে দুটি বিষয় পছন্দ না হওয়ায় শহরটির বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান কোম্পানি ইনস্টাকার্ট।
রয়টার্স প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটি মূলত ‘লোকাল আইন ১২৪’-এর বিরুদ্ধে মামলা করেছে। এ আইন অনুসারে, গ্রোসারি ডেলিভারি কর্মীদের ঠিক খাবার ডেলিভারি কর্মীদের মতোই ন্যূনতম বেতন দিতে হবে। পাশাপাশি ‘লোকাল আইন ২০৭’-এর বিরুদ্ধেও আপত্তি তুলেছে ইনস্টাকার্ট। এ আইনে গ্রাহকদের জন্য অন্তত ১০ শতাংশ টিপ দেওয়ার অপশন বা নিজের মতো করে টিপ লিখে দেওয়ার জায়গা রাখতে হবে।
মামলাটি আরও কিছু আইনকে চ্যালেঞ্জ করেছে যেগুলোতে কোম্পানিকে অতিরিক্ত রেকর্ড রাখা ও তথ্য প্রকাশের নিয়ম মানতে হচ্ছে। নতুন এসব নিয়ম ২৬ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
অনেক কোম্পানি যেভাবে নিজেদের ক্ষতি হতে পারে ভেবে বিভিন্ন নিয়মের সমালোচনা করে ঠিক সেভাবেই ইনস্টাকার্টও নিউ ইয়র্ক শহরের বিরুদ্ধে মামলার বিষয়টিকে ‘ন্যায়ের লড়াই’ হিসেবে বর্ণনা করেছে। যদিও এই খবরের প্রকাশক এনগ্যাজেট লিখেছে - “একটি কোম্পানির মনোভাব কেমন সেটা অনেকটাই বোঝা যায় তারা কোন কোন বিষয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তা দেখে।”
“কর্মীদের আয় বাড়ানো ও টিপিং কালচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইনস্টাকার্ট।”
এক ব্লগ পোস্টে ইনস্টাকার্ট লিখেছে, “যখন কোনো আইন ক্রেতা, ভোক্তা ও স্থানীয় দোকানদারদের ক্ষতির জন্য হুমকি দেয়, বিশেষ করে যখন বিষয়টি বেআইনি তখন আমাদের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে।
“এ আইনি লড়াই ন্যায্যতার জন্য, নিউ ইয়র্কের হাজার হাজার গ্রোসারি ডেলিভারি কর্মীর স্বাধীনতা রক্ষার জন্য এবং যাদের জন্য সাশ্রয়ী মূল্যে বাজার সুবিধা নিশ্চিত করা সবচেয়ে বেশি দরকার, তাদের জন্য।”
মামলায় ইনস্টাকার্ট দাবি করেছে, মার্কিন কংগ্রেস এরইমধ্যেই আইন করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বা স্থানীয় সরকার যেন ইনস্টাকার্টের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের দাম বা মূল্য নির্ধারণের নিয়মে হস্তক্ষেপ করতে না পারে।
ন্যূনতম বেতনের নিয়ম অঙ্গরাজ্য সরকারই দেখার কথা উল্লেখ করে ইনস্টাকার্ট বলেছে, নিউ ইয়র্কের অঙ্গরাজ্যের আইনসভা সবসময় ন্যূনতম বেতনের নিয়ম ঠিক করে। ফলে শহরটির এতে হস্তক্ষেপ করা উচিত নয়।
মার্কিন সংবিধান অনুসারে বৈষম্য করা যাবে না দাবি করে ইনস্টাকার্ট বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে শহরের এসব আইন করার অধিকার নেই, এগুলো অঙ্গরাজ্য বা ফেডারেল পর্যায়ের বিষয়। আর এসব নিয়ম আমাদের মতো বাইরের কোম্পানির বিরুদ্ধে বৈষম্য করছে।
কোম্পানিটি সতর্ক করে বলেছে, তাদের এসব আইন মানতে বাধ্য করা হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। মামলার ইনস্টাকার্ট নথিতে বলেছে, এসব আইন কার্যকর হলে “আমাদের প্ল্যাটফর্মের গঠন বদলাবে, ডেলিভারি কর্মীদের ওপর সীমাবদ্ধতা দিতে হবে, গ্রাহক ও বিভিন্ন দোকানের সঙ্গে থাকা সম্পর্ক নষ্ট হবে এবং কোম্পানি সংবিধান লঙ্ঘনের মতো ক্ষতির মুখে পড়বে, যার কোনো যথাযথ আইনি প্রতিকার নেই”।