১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভয়েসমেইলের মতো’ ফিচার নিয়ে কাজ করছে ওয়াটসঅ্যাপ

ফিচারটি সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এসেছে, তবে এখনো আইওএসে দেখা যায়নি।

‘ভয়েসমেইলের মতো’ ফিচার নিয়ে কাজ করছে ওয়াটসঅ্যাপ
ব্যবহারকারী চাইলে দ্রুত একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

হোয়াটসঅ্যাপ এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা কল এড়িয়ে যাওয়া বা অনিচ্ছাকৃতভাবে মিস হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে কাজে আসবে। ফিচারটি মূলত ভয়েসমেইল এর মতো।

হোয়াটসঅ্যাপবিষয়ক সংবাদমাধ্যম ‘ডব্লিউএবেটাইনফো’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট নাইন টু ফাইভ ম্যাক লিখেছে, ফিচারটি সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এসেছে, তবে এখনো আইওএসে দেখা যায়নি।

ডব্লিউএবেটাইনফোর ব্যাখ্যা অনুযায়ী, কল রিসিভ না হলে স্ক্রিনের নিচে আবার কল করার অপশন এবং ক্যানসেল বাটনের পাশে নতুন একটি ‘রেকর্ড ভয়েস মেসেজ’ বাটন দেখা যাবে।

এতে ব্যবহারকারী চাইলে দ্রুত একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন। আলাদা করে আবার কল করার চেষ্টা বা চ্যাটিং ইন্টারফেইসে গিয়ে ম্যানুয়ালি ভয়েস মেসেজ পাঠানোর ঝামেলা করতে হবে না।

তবে ডব্লিউএবেটাইনফো সাধারণত নতুন যেসব ফিচারের তথ্য প্রকাশ করে সেগুলোর মতোই এবারও কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে এ বিষয়ে কোনো তথ্য তারা জানায়নি। আইওএসের হোয়াটসঅ্যাপ টেস্টফ্লাইটেও এখনো এর কোনো অস্তিত্ব নেই।

সংবাদমাধ্যমটি পরীক্ষার মধ্যে থাকা আরেকটি ফিচার যার নাম ‘রিমাইন্ডার’ সম্পর্কে তথ্য প্রকাশ করার কিছুদিন পরই এ ভয়েসমেইলের খবর প্রকাশ হলো। 

কল সংক্রান্ত দুটি ফিচার নিয়ে একসঙ্গে পরীক্ষার মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপকে আবারও কলিং ফিচারে বিনিয়োগ করতে দেখা যাচ্ছে।

কোম্পানিটি এসব ফিচার তৈরির সময় স্প্যাম ও রোবোকল ঠেকাতেও ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে সাইট নাইন টু ফাইভ ম্যাক।