Published : 13 Sep 2026, 10:15 AM
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর অভিজ্ঞতা আরও ভালো করতে নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এখন থেকে অন্যের পোস্টে ট্যাগ করা ছবি বা ভিডিও সরাসরি নিজের মূল প্রোফাইল গ্রিডে যোগ করা যাবে, যা ব্যবহারকারীদের তাদের অনলাইন উপস্থিতি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
প্ল্যাটফর্মটিতে আগের মতো ‘ট্যাগড’ ট্যাবটি বহাল থাকছে, যেখানে ব্যবহারকারীকে ট্যাগ করা সব ধরনের পোস্ট দেখা যাবে।
তবে এখন থেকে পছন্দের বিভিন্ন ছবি ব্যবহারকারীদের সরাসরি মূল প্রোফাইলে দেখানোর স্বাধীনতা মিলবে।
ইনস্টাগ্রাম বলেছে, ব্যবহারকারীরা তাদের পছন্দের গ্রুপ ফটো, ক্রিয়েটর কোলাবরেশন ও স্মৃতিবিজড়িত ছবিগুলোর ক্ষেত্রে ফিচারটি কাজে লাগাতে পারবেন। প্রোফাইলে শোভা পাওয়ার মতো যে কোনো পছন্দসই পোস্ট এখন সেখানে যোগ করা সম্ভব।
ট্যাগ করা কোনো পোস্ট প্রোফাইল গ্রিডে যোগের জন্য বেশ কয়েকটি সহজ উপায় রেখেছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। কোনো পোস্টে ট্যাগের পর পাওয়া ডিএম নোটিফিকেশন থেকেই সরাসরি এটা করা যাবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট পোস্টের ওপরের ডানদিকের অংশে থাকা থ্রি-ডট মেনু থেকেও এ সুবিধা মিলবে। ‘ট্যাগড’ ট্যাবের ভেতরে কোনো নির্দিষ্ট পোস্টে ট্যাপ করে ধরে রাখলেও গ্রিডে যোগের অপশনটি ভেসে উঠবে।
‘অ্যাড টু গ্রিড’ বাটনটির নিচে সতর্কবার্তা বা নোটিশ দেখাবে ইনস্টাগ্রাম, যেখানে বলা থাকবে, ‘পোস্টটি প্রোফাইলে যোগ করা হলেও তা কে দেখতে পাবেন তা আপনার ও যে ব্যবহারকারী আপনাকে ট্যাগ করেছেন উভয়ের অ্যাকাউন্ট প্রাইভেসির ওপর নির্ভর করবে’।
ব্যবহারকারী ভবিষ্যতে ইচ্ছা করলে সম্পূর্ণ ডিলিট না করেই খুব সহজে নিজের প্রোফাইল থেকে যে কোনো ট্যাগ করা পোস্ট সরিয়ে ফেলতে পারবেন।
প্রোফাইলে যোগ করা সব ট্যাগ পোস্ট ডিফল্টভাবে ‘রিভার্স-ক্রোনোলজিক্যাল’ অর্ডারে ব্যবহারকারীর গ্রিডে দেখাবে। তবে পছন্দমতো সেগুলোর ক্রম সাজিয়ে নেওয়া যাবে।
গেল বছরেরে জুনে ব্যবহারকারীদের প্রোফাইলে পোস্টের ক্রম পরিবর্তনের সুবিধা চালু করেছিল ইনস্টাগ্রাম, যেখানে পোস্টগুলো তৈরির সময় যে কোনো পোস্ট ইচ্ছেমতো বসানো যায়, যাতে ব্যবহারকারীরা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কাঙ্ক্ষিত নান্দনিকতা ধরে রাখতে পারেন।