Published : 23 Nov 2025, 11:39 AM
ইলন মাস্কের সামাজিক মাধ্যম ‘এক্স’ ব্যবহারকারীদের প্রোফাইলে নতুন ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার চালু করেছে। এই ফিচারে মাধ্যমে অ্যাকাউন্টটি কোন দেশ ভিত্তিক, কতবার ইউজারনেম পরিবর্তন করা হয়েছে, অ্যাকাউন্টের যোগদানের তারিখ এবং ব্যবহারকারী কোন অ্যাপ স্টোর থেকে এক্স অ্যাপটি ডাউনলোড করেছেন তা দেখানো হবে।
প্ল্যাটফর্মে বট শনাক্ত করা ও ভুয়া সম্পৃক্ততা কমানোর লক্ষ্য হিসেবে এই ফিচার এল; বিশেষ করে এআই যুগে যা আরও কঠিন হয়ে উঠেছে।
গত অক্টোবরে এক্স-এর প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার প্রথম এই পরিকল্পনার বিষয়টি ঘোষণা করেছিলেন। তিনি বলেন, পরীক্ষা হিসেবে প্রথমে তার নিজের এবং এক্স কর্মীদের অ্যাকাউন্টে এই তথ্য দেখানো হবে।
ফিচারটির লক্ষ্য ব্যবহারকারীরা যেন বুঝতে পারেন তারা আসল অ্যাকাউন্টের সঙ্গে কথা বলছেন নাকি কোনো বট বা ভুল তথ্য ছড়ানো অ্যাকাউন্টের সঙ্গে। উদাহরণ হিসেবে, যদি কোনো অ্যাকাউন্টের বায়োতে লেখা থাকে যে সে যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিন্তু নতুন ফিচারে দেখা যায় তার অ্যাকাউন্ট অন্য দেশ ভিত্তিক তাহলে সেটি সন্দেহের কারণ হতে পারে।
গত সপ্তাহান্তে বিয়ার এক পোস্টে লেখেন, “যখন একজন ব্যবহারকারী মাস্ককে এই তথ্য দেখানো বাধ্যতামূলক করার অনুরোধ করেন তিনি জবাবে বলেছেন, ‘আমাকে ৭২ ঘণ্টা দিন’।”
এরপর গত কয়েক দিনে অনেক ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে নতুন ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচার দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
ওয়েব বা মোবাইল অ্যাপে নিজের প্রোফাইলে ‘জয়েনড’ তারিখে ক্লিক করলে এই তথ্য দেখা যাবে। সেখানেই পাওয়া যাবে অ্যাকাউন্ট তৈরির তারিখ, কোন জায়গা ভিত্তিক, কতবার নাম পরিবর্তন হয়েছে ও সর্বশেষ কবে হয়েছে এবং কোন মাধ্যমে ব্যবহারকারী এক্স-এ যুক্ত হয়েছেন যেমন ইউএস অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর।
তবে, অনেক ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্টে ফিচারটি দেখলেও অন্যদের অ্যাকাউন্টের তথ্য এখনো দেখা যাচ্ছে না।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, এর কারণ সম্ভবত এক্স ব্যবহারকারীদের আগে নিজেদের তথ্য যাচাই করতে সময় দিতে চাইছে তারপর এটি আরও প্রসারিত করবে।
ব্যবহারকারীদের সেটিংসেও একটি পরিবর্তনের সুযোগ দিচ্ছে এক্স। চাইলে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন ফিচারটি তাদের দেশ, নাকি ভৌগোলিক অঞ্চল বা মহাদেশ দেখাবে। শুরুতে বলা হয়েছিল, এটি শুধু সেইসব অঞ্চলে চালু হবে যেখানে মত প্রকাশে ঝুঁকি থাকে কিন্তু দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাও দেশ বা অঞ্চল দুই বিকল্প থেকেই বেছে নিতে পারছেন। ডিফল্ট অপশন হিসেবে দেশ দেখানো হয়।
এই পরিবর্তন আনতে ব্যবহারকারীদের ‘প্রাইভেসি অ্যান্ড সেইফটি’ মেনুর ‘অ্যাবাইউট ইওর অ্যাকাউন্ট’-এ যেতে হবে।
একজন রিভার্স ইঞ্জিনিয়ার এক্স অ্যাপের কোডে আরও একটি নতুন ফিচারের ইঙ্গিত পেয়েছেন। সেখানে দেখা যায়, যদি কেউ ভিপিএন ব্যবহার করে অবস্থান গোপন করেন তাহলে এক্স সেই অ্যাকাউন্টে একটি সতর্কবার্তা দেখাতে পারে যাতে লেখা থাকবে “অ্যাকাউন্টের দেশ বা অঞ্চলের তথ্য সঠিক নাও হতে পারে”। তবে ফিচারটি কবে চালু হবে নিশ্চিত নয়।
ফিচারটি নিয়ে এক্স কোনো মন্তব্য করেনি। তবে বিয়ার ব্যবহারকারীদের পোস্ট দেখে মজার ছলে বলেন, মানুষ নতুন ফিচারটি দেখতে শুরু করেছে।
উল্লেখ্য, এক্স প্রথম প্ল্যাটফর্ম নয় যে এই ধরনের স্বচ্ছতার টুল চালু করেছে। ইনস্টাগ্রাম দীর্ঘদিন ধরেই ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ ফিচারটি দিয়ে আসছে।