১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রিপ্টো মাইনিং, এক্সচেঞ্জ নিয়ন্ত্রণে আইন পাস করল তুর্কমেনিস্তান

এ আইনের আওতায় ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদের বৈধতা দেওয়ার পাশাপাশি সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেবে তুর্কমেনিস্তান।

ক্রিপ্টো মাইনিং, এক্সচেঞ্জ নিয়ন্ত্রণে আইন পাস করল তুর্কমেনিস্তান
নতুন আইনটি তুর্কমেনিস্তানে ভার্চুয়াল সম্পদ তৈরি, সংরক্ষণ, ব্যবহার, বণ্টন ও প্রচলন নিয়ন্ত্রণ করবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

নতুন আইন পাস করেছে তুর্কমেনিস্তান সরকার, যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মাইনিং বা ক্রিপ্টো খনন এবং ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ক্রিপ্টো কেনা-বেচার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করবে দেশটি।

এ আইনের আওতায় ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদকে বৈধতা দেওয়ার পাশাপাশি সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেবে তুর্কমেনিস্তান।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘নিউট্রাল তুর্কমেনিস্তান’ বলেছে, এ আইনে ক্রিপ্টো এক্সচেঞ্জ চালাতে বা ক্রিপ্টো মাইনিং করতে হলে সরকারি লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। সরকারের লক্ষ্য হচ্ছে এ নতুন প্রযুক্তির নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা।

‘নিউট্রাল তুর্কমেনিস্তান’ প্রতিবেদনে লিখেছে, এই আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট সেরদার বর্ধ্যমুখামেদভ। আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

রয়টার্স লিখেছে, প্রধানত মরুভূমির দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস খনির মালিক তুর্কমেনিস্তান সম্প্রতি নিজেদের অর্থনীতিকে কেবল প্রাকৃতিক গ্যাস রপ্তানির ওপর নির্ভরশীল না রেখে বৈচিত্রপূর্ণ করার চেষ্টা করছে। দেশটি নিজেদের  প্রাকৃতিক গ্যাসের বড় অংশই চীনে পাঠায়।

তুর্কমেনিস্তানের সরকারি এক মুখপাত্র বলেছেন, “বিনিয়োগ আকর্ষণ করতে ও ডিজিটাইজেশনকে এগিয়ে নিতে সাহায্য করবে” তাদের এ আইন।

সরকারি মুখপাত্র আরও বলেছেন, নতুন আইনটি তুর্কমেনিস্তানে ভার্চুয়াল সম্পদ তৈরি, সংরক্ষণ, ব্যবহার, বণ্টন ও প্রচলন নিয়ন্ত্রণ করবে এবং এ সম্পদের আইনি ও অর্থনৈতিক অবস্থানও নির্ধারণ করবে তারা।

এদিকে, আরেক সাবেক সোভিয়েত মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান নিজেদেরকে এই খাতে আঞ্চলিক অগ্রজ হিসাবে প্রতিষ্ঠা করেছে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স-এর সঙ্গে অংশীদারিত্বে জাতীয় এক স্টেবলকয়েন চালু করেছে দেশটি।