Published : 02 Feb 2026, 11:54 AM
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনোভেশন ২০২৬’-এ স্বর্ণপদকসহ একাধিক পদক জিতেছে বাংলাদেশ দল।
রোববার ‘ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটর্স সোসাইটি’ বা বাইসিস-এর নেতৃত্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছেন। ‘মালয়েশিয়া বুক অফ রেকর্ডস’-এ রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেওয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে এটি।
বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশন বিভাগে সেরা উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে ‘এংলো ভয়েস’ দল।
এ ছাড়া একই ক্যাটেগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক জিতেছে ‘আলো’ ও ‘ভিশন এইড’ দল। ‘রোবোটিক্স অ্যান্ড ড্রোন’ শ্রেণিতে ‘চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব’ স্বর্ণপদক, ‘লাহি রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ ব্রোঞ্জ পদক ও ‘নোভাট্রিক্স’ সিলভার পদক জিতেছে।
‘ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ ক্যাটেগরিতে সিলভার পদক জিতেছে ‘ইয়াং স্পার্ক অফ বাংলাদেশ’।
বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক ‘মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশন’ বা মাইসো-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস-এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এ অনুষ্ঠানে ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দুরাজ্জাক।
বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।