Published : 25 Oct 2025, 02:20 PM
অ্যাপ স্টোর ফি নিয়ে যুক্তরাজ্যে অ্যান্টিট্রাস্ট মামলায় হেরেছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যানশিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, বৃহস্পতিবার অ্যান্টিট্রাস্ট মামলায় হারের পর এখন যুক্তরাজ্যের ব্যবহারকারীদের অর্থ ফেরত দিতে হবে অ্যাপলকে। ‘কম্পিটিশন আপিল ট্রাইবুনাল’ রায় দিয়েছে, বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ডেভেলপারদের ফি বাড়িয়েছে অ্যাপল। অন্যায়ভাবে অর্থ নেওয়ার কারণে কোম্পানিটিকে জরিমানা বা ক্ষতিপূরণ দিতে হবে।
ট্রাইবুনাল বলেছে, আইওএস অ্যাপ বিক্রি ও ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে ‘প্রায় পুরো বাজার নিয়ন্ত্রণ করে’ অ্যাপল। এই ক্ষমতা ব্যবহার করে ‘ডেভেলপারদের কাছ থেকে অতিরিক্ত ও অন্যায়ভাবে অর্থ নিচ্ছে’ কোম্পানিটি, যা ঠিক নয়।
তবে ট্রাইবুনালের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপল আদালতে আপিল করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ক্লাস অ্যাকশন মামলার আবেদনকারীরা বলেছেন, প্রায় ১৫০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ তিন কোটি ৬০ লাখ গ্রাহকের মধ্যে ভাগ হবে। পরবর্তী শুনানিতে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে, ক্ষতিপূরণের বিষয়টি কীভাবে বা কখন সমাধান করা হবে। এ নিয়ে শুনানি আগামী মাসেই হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-এর কঠোর নিয়মের কারণে ইউরোপের সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে অ্যাপলের। এ সপ্তাহের শুরুতে ইইউ-এর ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ বা ডিএমএ আইনের তীব্র সমালোচনা করেছে মার্কিন কোম্পানিটি। বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির আধিপত্য থেকে গ্রাহকদের সুরক্ষা দেওয়ার জন্য আইনটি তৈরি করেছে ইইউ।
বুধবার যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ বা সিএমএ অ্যাপলের বাজার প্রভাবকে ‘স্ট্র্যাটেজিক মার্কেট স্ট্যাটাস’ হিসেবে ঘোষণা করেছে, যার মানে সিএমএ-এর ক্ষমতা রয়েছে ‘বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মকে বাজারে আসা ও প্রতিযোগিতার জন্য উন্মুক্ত রাখার’। বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সিএমএ।
রায়ের প্রতিক্রিয়ায় অ্যাপল বলেছে, “আদালতের বিবেচনার জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমরা এই রায়ের সঙ্গে একমত নই। যুক্তরাজ্যের ব্যবসা ও গ্রাহকদের জন্য নানা রকম সুবিধা এনেছে অ্যাপ স্টোর। একটি সক্রিয় বাজার তৈরি করেছে অ্যাপটি, যেখানে ডেভেলপাররা প্রতিযোগিতা করছেন ও ব্যবহারকারীরা লাখ লাখ নতুন অ্যাপ থেকে নিজেদের ইচ্ছেমতো বেছে নিতে পারছেন।
“তবে বাজারে আমাদের এ জায়গাটি উপেক্ষা করেছে রায়টি। আদালতের রায় অ্যাপ স্টোরের প্রকৃত ভূমিকা ও বাজারে অবদানকে ঠিকভাবে দেখায়নি। এ রায়ের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করছি আমরা।”