১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্রোসফট ও ওপেনএআই-এর বিরুদ্ধে দলবেঁধে প্রকাশকদের মামলা

তাদের দাবি, বিভিন্ন নিবন্ধ প্রকাশের পরে, কোম্পানি দুটির চ্যাটবট শব্দ ধরে ধরে সেগুলো অনুকরণ করছে। পাশাপাশি, সংবাদের উৎসের কোনো সূত্রও দিচ্ছেনা তারা।

মাইক্রোসফট ও ওপেনএআই-এর বিরুদ্ধে দলবেঁধে প্রকাশকদের মামলা
ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

শিকাগো ট্রিবিউন, নিউ ইয়র্ক ডেইলি নিউজ ও অরল্যান্ডো সেন্টিনেলসহ একদল মার্কিন সংবাদ প্রকাশনা কোম্পানি মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। এ বিশেষ মামলায় আটটি প্রকাশনা রয়েছে, যাদের সবগুলোই নিউইয়র্কভিত্তিক কোম্পানি অ্যালডেন ক্যাপিটাল গ্রুপের (এজিসি) মালিকানাধীন। 

মাইক্রোসফট ও ওপেনএআই নিজেদের এআই পণ্যের বাণিজ্যিকীকরণের কাজে, এসব প্রকাশনার কপিরাইটযুক্ত লাখ লাখ প্রবন্ধ ব্যবহার করেছে বলে অভিযোগ তাদের। কোনো প্রকার অনুমতি ও অর্থ প্রদান ছাড়াই তারা এ কাজ করেছে, বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। কোম্পানি দুটির এআই পণ্যের মধ্যে রয়েছে চ্যাটজিপিটি ও কোপাইলট চ্যাটবট।

প্রকাশকদের স্পষ্ট সম্মতি ছাড়াই কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের জন্য মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলা এটি। গত বছরে, একই অভিযোগে নিউ ইয়র্ক টাইমসও কোম্পানি দুটির বিরুদ্ধে মামলা করে।

কোম্পানিগুলোর সঙ্গে পূর্বের কোনো লাইসেন্সিং চুক্তি না থাকলেও, তাদের এআই পণ্যগুলো টাইমসের “নিবন্ধগুলোর প্রকাশভঙ্গি ও ভাষাশৈলী নকল” করতে পারে। এ মামলার মূল অংশগুলো খারিজ করার অনুরোধ করেছে মাইক্রোসফট। জেনারেটিভ এআই স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হতে পারে টাইমসের এমন ধারণার বিরোধিতা করছে এই সফটওয়্যার জায়ান্ট।

এসিজি কোম্পানির সংবাদপত্রগুলোও একই অভিযোগ এনেছে। তাদের দাবি, বিভিন্ন নিবন্ধ প্রকাশের পরে, কোম্পানি দুটির চ্যাটবট শব্দ ধরে ধরে সেগুলো অনুকরণ করছে। পাশাপাশি, সংবাদের উৎসের কোনো সূত্রও দিচ্ছে না তারা। মামলায় বিভিন্ন উদাহরণ যোগ করেছে প্রকাশনার মালিক কোম্পানিটি।

তাদের দাবি, জেনারেটিভ এআই পণ্যগুলো তৈরি ও পরিচালনা করতে কম্পিউটার, বিশেষায়িত চিপ এবং বিদ্যুতের জন্য অর্থ প্রদান করলেও অভিযুক্তরা তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর প্রশিক্ষণের জন্য দরকারি কনটেন্টের বেলায় অনুমতি ও অর্থপ্রদান ছাড়াই কপিরাইটযুক্ত নিবন্ধগুলো ব্যবহার করছে তারা।

পাশাপাশি, বাদীরা ওপেনএআইয়ের আগের স্বীকারোক্তিও উল্লেখ করেছেন। আগে চ্যাটজিপিটির মালিক কোম্পানিটি বলেছিল, “কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার না করে আজকের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া অসম্ভব।”

ওপেনএআই এখন আর অলাভজনক কোম্পানি নয় সেটিও উল্লেখ করেছে প্রকাশনা সংস্থাগুলো। কোম্পানিটির বর্তমান বাজারমূল্য অন্তত নয় হাজার কোটি ডলার। এরইমধ্যে, চ্যাটজিপিটি ও কোপাইলট মাইক্রোসফটের বাজার মূল্যে হাজার হাজার কোটি ডলার যোগ করেছে।

প্রকাশনাগুলো ক্ষতিপূরণ হিসেবে অনির্দিষ্ট পরিমাণের অর্থ দাবি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট। পাশাপাশি, তাদের কনটেন্ট ব্যবহার করা সব জিপিটি ও এলএলএম মডেলগুলো ধ্বংস করার নির্দেশও চাইছে আদালতের কাছ থেকে।