Published : 27 Nov 2025, 03:34 PM
ভিডিও শেযারের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব তাদের হোম ফিডে অপ্রাসঙ্গিক ভিডিওর ভিড় কমাতে নতুন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী যথাযথ ভিডিও খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ায় কোম্পানিটি ‘ইয়োর কাস্টম ফিড’ নামে একটি ফিচার পরীক্ষা করছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, ইউটিউবের অ্যালগরিদম অনেক সময় ব্যবহারকারীর প্রকৃত আগ্রহ ভুলভাবে ব্যাখ্যা করে। উদাহরণ হিসেবে, কয়েকটি ডিজনি ভিডিও দেখলেই প্ল্যাটফর্ম ধরে নেয় ব্যবহারকারী নিয়মিত ভক্ত ফলে পরপর একই ধরনের ভিডিওতে হোম ফিড ভরে যায়। যদিও দর্শকের প্রকৃত আগ্রহ ভিন্ন হতে পারে।
পরীক্ষার অংশ হিসেবে যারা নতুন ফিচারটি পাচ্ছেন তাদের হোমপেইজে প্রচলিত ‘হোম’ ট্যাবের পাশে ‘ইয়োর কাস্টম ফিড’ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী প্রম্পট বা নির্দেশনা দিতে পারবেন।
এই ফিচারে ব্যবহারকারী আর অ্যালগরিদমনির্ভর এলোমেলো কনটেন্টের ওপর নির্ভরশীল থাকবেন না বরং নির্দিষ্ট আগ্রহের বিষয় টাইপ করলেই ইউটিউব সেই ধরনের ভিডিও সামনে আনার চেষ্টা করবে। উদাহরণ হিসেবে, রান্না বিষয়ক ভিডিও বেশি দেখতে চাইলে শুধু সেটি টাইপ করতে হবে আর ইউটিউব ভবিষ্যতে সেই বিভাগকে বেশি অগ্রাধিকার দেবে।
নতুন ফিচারটি কতটা জনপ্রিয় হবে তা এখনও পরিষ্কার নয়। তবে ইউটিউব ফিডকে নিজের মতো করে সাজানোর সুযোগটি অনেক ব্যবহারকারীর জন্য অভিজ্ঞতায় পরিবর্তন আনতে পারে।
এটি আলাদা করে ভিডিও ক্লিক করে ‘নট ইন্টারেস্টেড’ বা ‘ডোন্ট রেকমেন্ড চ্যানেল’ অপশন ব্যবহারের তুলনায় কার্যকর সমাধান হতে পারে।
শুধু ইউটিউব নয়, অন্যান্য প্ল্যাটফর্মও কাস্টমাইজড ফিড নিয়ে কাজ করছে। সম্প্রতি থ্রেডস তাদের অ্যালগরিদম কনফিগারেশন ফিচার পরীক্ষা করেছে। এক্স-ও এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যেখানে ব্যবহারকারীরা তাদের এআই চ্যাটবট গ্রক-কে ট্যাগ করে নিজের ফিড সমন্বয় করতে পারবেন।