Published : 21 Nov 2025, 02:33 PM
বাংলাদেশ ইয়াং সায়েনটিস্টস অ্যান্ড ইনোভেটর্স সোসাইটি বা বাইসিস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইনোভেশন স্পার্ক ১.০’ এর উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার ঢাকায় আন্তর্জাতিক বিজ্ঞান ও ম্যাথ অলিম্পিয়াড, বিজ্ঞান কর্মশালা, বুট ক্যাম্পসহ নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হয়েছে এ আয়োজন। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ‘ইনোভেশন স্পার্ক ১.০’।
রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণ করেছেন সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের পুরষ্কৃত করেছে বাইসিস।
বিজয়ী প্রতিযোগীরা বাইসিস-এর তত্ত্বাবধানে ২০২৬ সালের ২৮ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ ছাড়া আগামী ২০ ডিসেম্বর সিঙ্গাপুরে ‘ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড’ বা ইমগো ২০২৫-এর ন্যাশনাল রাউন্ডের উদ্বোধন ঘোষিত হয়েছে অনুষ্ঠানে।
এ সময় ইমগো-এর আন্তÍর্জাতিক আয়োজক কোম্পানি ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে বাইসিস-এর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাউথইস্ট ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরের পরিচালক সোলাইমার্ন লেখেম, কো-অর্ডিনেটর থিওয়ারা চিতজুই ও টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।
ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাপন-এর সিইও ড. রিফাত মাহবুব ও নাবাটেক ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলাস।