০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

উৎক্ষেপণের অপেক্ষায় রাশিয়ার নতুন রকেট ‘সয়ুজ-৫’

সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিন এ তথ্য জানিয়েছে রাশিয়া।

উৎক্ষেপণের অপেক্ষায় রাশিয়ার নতুন রকেট ‘সয়ুজ-৫’
‘রসকসমস’-এর প্রধান দিমিত্রি বাকানভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ রকেটের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 05:18 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

রাশিয়ার নতুন রকেট এখন মহাকাশ অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে।

২০১৪ সালের পর দেশটিতে তৈরি প্রথম এ রকেটটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।

কাজাখস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি ‘সয়ুজ-৫’ নামের শক্তিশালী এ রকেটটি রাশিয়ার মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

রাশিয়ার শীর্ষ মহাকাশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে, ‘সয়ুজ-৫’ বর্তমানে চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং মহাকাশ প্রকল্পের জন্য তা ‘পুরোপুরি প্রস্তুত’।

শনিবার রুশ মহাকাশ সংস্থা ‘রসকসমস’-এর প্রধান দিমিত্রি বাকানভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ রকেটের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিনের প্রথম মহাকাশ ভ্রমণের ৬৫তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিন এ তথ্য জানালো রাশিয়া।

বাকানভ বলেছেন, ২০১৪ সালের পর রাশিয়ায় তৈরি এটিই প্রথম নতুন ধরনের রকেট।

রুশ সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুসারে, বাকানভ বলেছেন, “নতুন সয়ুজ-৫ রকেটটি পুরোপুরি প্রস্তুত। কাজাখস্তানের সহযোগিতায় আমাদের এই যৌথ প্রকল্পটি বাইতেরেক নামে পরিচিত।

“বর্তমানে রকেটটির প্রতিটি অংশ ও যন্ত্রাংশের পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

প্রস্তুতি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে পরীক্ষার অংশ হিসেবে রকেটটিকে এরইমধ্যে উলম্ব বা খাড়াভাবে বসানো হয়েছে বলেও উল্লেখ করেছেন বাকানভ।

পরিকল্পনা অনুসারে, দুই স্তরের নতুন এ রকেটটি মহাকাশে ১৭ মেট্রিক টন পর্যন্ত ওজন বহন করতে পারবে, যা পুরানো ‘জেনিত’ রকেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে।

সোভিয়েত আমলে নির্মিত ও বর্তমানে কাজাখস্তানে অবস্থিত বাইকনুর স্পেস সেন্টার থেকে এসব রকেট উৎক্ষেপিত হবে।

রুশ সংবাদ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুসারে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ার মহাকাশ শিল্প এখন ‘আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে’।

“আমি জানি, দীর্ঘ সময় ধরে এ খাতে অনেক সমস্যা জমে ছিল, যা এখন কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে।”