১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অ্যামাজনের ওপর ১১০ কোটি ইউরো জরিমানা কমাল ইতালীয় আদালত?

জরিমানা নতুন করে হিসাব করতে হবে, কারণ অতিরিক্ত ৫০ শতাংশ জরিমানা কেন বাড়ানো হয়েছিল সে ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থাটি।

অ্যামাজনের ওপর ১১০ কোটি ইউরো জরিমানা কমাল ইতালীয় আদালত?
ওই সময় এ জরিমানা ছিল ইউরোপে মার্কিন কোনো প্রযুক্তি কোম্পানির ওপর দেওয়া সবচেয়ে বড় জরিমানার মধ্যে একটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে আনা অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে একশ ১০ কোটি ইউরো জরিমানা কমিয়েছে ইতালির এক আদালত।

মঙ্গলবার ইতালির এক প্রশাসনিক আদালত বলেছে, ২০২১ সালে অ্যামাজনের ওপর একশ ৩০ কোটি ইউরো জরিমানা করেছিল ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ, তবে এখন তা কমিয়ে দিয়েছে তারা। এ জরিমানার কারণ হচ্ছে, বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করেছিল অ্যামাজন।

রয়টার্স লিখেছে, নিয়ন্ত্রক সংস্থার মূল অভিযোগগুলোকে সঠিক বলেই মেনে নিয়েছে লাজিও প্রশাসনিক আদালত। তবে আদালত বলেছে, জরিমানা নতুন করে হিসাব করতে হবে, কারণ অতিরিক্ত ৫০ শতাংশ জরিমানা কেন বাড়ানো হয়েছিল সে ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারেনি নিয়ন্ত্রক সংস্থাটি।

রায়ে নতুন জরিমানার পরিমাণ স্পষ্ট করে বলা হয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

রয়টার্সের হিসাব অনুসারে, অ্যামাজনের মূল জরিমানা একশ ১৩ কোটি ইউরোর ওপর অতিরিক্ত যে ৫০ শতাংশ জরিমানা বাড়ানো হয়েছিল তা বাদ দিলে চূড়ান্ত জরিমানার আকার প্রায় ৭৫ কোটি ইউরো হতে পারে। এমনটি হলে, এত মোটা অংকের জরিমানা কমানোর ঘটনা সম্ভবত আর ঘটেনি।

এ রায়ের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যামাজন।

কোম্পানিটিকে জরিমানা করা হয়েছিল ইতালিতে ই-কমার্স পণ্যের ডেলিভারি বা লজিস্টিকস সেবায় অন্যদের প্রতিযোগিতা করতে বাধা দেওয়ার অপরাধে।

ওই সময় এ জরিমানা ছিল ইউরোপে মার্কিন কোনো প্রযুক্তি কোম্পানির ওপর দেওয়া সবচেয়ে বড় জরিমানার অন্যতম।