ডালাসে রোবোট্যাক্সি চালু করল উবার
উবার বলেছে, কোনো যাত্রীকে রাইডের জন্য স্বচালিত গাড়ি দিলেও তাদের কাছে প্রচলিত রাইডশেয়ার ড্রাইভারের গাড়িতে পরিবর্তনের সুযোগ থাকবে।
এ বছর বাজারে রাইডশেয়ার পরিষেবার বিকল্প হিসাবে রোবোট্যাক্সি বা চালকবিহীন গাড়ি সরবরাহের জন্য বড় উদ্যোগ নিয়েছিল উবার। সেই ধারাবাহিকতায় ডালাসে রোবোট্যাক্সি চালু করল রাইডশেয়ারিং কোম্পানিটি।
বুধবার থেকে ডালাসের গ্রাহকদের জন্য অটোনোমাস গাড়ি ব্যবহারের সুযোগ দিচ্ছে উবার। এমন পদক্ষেপ ‘অ্যাভরাইড’-এর সঙ্গে যৌথ উদ্যোগ বা পার্টিনারশিপের মাধ্যমে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
শুরুর দিকে এসব স্বচালিত গাড়িতে সামনের সিটে একজন ব্যক্তি থাকবেন। তবে ভবিষ্যতে সম্পূর্ণ চালকবিহীন গাড়ি আনার পরিকল্পনা করেছে উবার।
অ্যাভরাইডের ‘হুন্দাই আইওনিক ৫’ গাড়ির ছোট বহর ব্যবহার করবে কোম্পানিটি। তবে উবারের পরিকল্পনা, ডালাসে এ ধরনের শত শত স্বচালিত গাড়ি চালু করবে তারা।
যাত্রীরা উবার অ্যাপে নিজেদের পছন্দ সেট করতে পারবেন, যাতে তাদের রোবোট্যাক্সির সঙ্গে যোগ হওয়ার সুযোগ বাড়ে। উবার বলেছে, কোনো যাত্রীকে রাইডের জন্য স্বচালিত গাড়ি দিলেও তাদের কাছে প্রচলিত রাইডশেয়ার ড্রাইভারের গাড়িতে পরিবর্তনের সুযোগ থাকবে।
২০২৪ সালের অক্টোবরে অ্যাভরাইড-এর সঙ্গে পার্টনারশিপ শুরু করেছে উবার। তবে কেবল একটি কোম্পানির ওপর নির্ভর না করে গোটা বিশ্বের অনেক প্রযুক্তি কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে রোবোট্যাক্সি পরিষেবা চালুর জন্য বড় আকারের পরিকল্পনা নিয়ে কাজ করছে কোম্পানিটি।
অস্টিন ও আটলান্টায় ওয়েইমো, বে এরিয়ায় লুসিড, আবুধাবিতে ওয়েয়ারাইড এবং ইউরোপে মোমেন্টার সঙ্গে মিলে বাজারে রোবোট্যাক্সি আনার জন্যও কাজ করেছে রাইডশেয়ার কোম্পানিটি।
