১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনে বিমান প্রদর্শনীর মহড়ায় ২ উড়ুক্কু গাড়ির সংঘর্ষ

ভিডিওতে দেখা গিয়েছে, আগুনে জ্বলতে থাকা একটি উড়ুক্কু গাড়ি মাটিতে পড়ে আছে এবং সেখানে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের লোকজন।

চীনে বিমান প্রদর্শনীর মহড়ায় ২ উড়ুক্কু গাড়ির সংঘর্ষ
বিশ্বজুড়ে অন্যতম বড় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি চীনের ‘এক্সপেং অ্যারোএইচটি’। ছবি: উইবো থেকে স্ক্রিনশট নেওয়া

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চীনে বিমান প্রদর্শনীর মহড়ার সময় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি উড়ুক্কু গাড়ি। দেশটি এ মহড়ার আয়োজনই করেছিল মূলত এ নতুন গাড়ি প্রযুক্তি দেখানোর জন্য।

‘এক্সপেং অ্যারোএইচটি’ নামের চীনা কোম্পানির এ দুটি উড়ুক্কু গাড়ি মাঝ আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। কোম্পানিটি বলেছে, এর মধ্যে একটি গাড়িতে অবতরণের সময় আগুন ধরে যায়। তবে ঘটনাস্থলে থাকা সবাই নিরাপদে রয়েছেন। 

এদিকে, এক নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানি একজন কর্মীর বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদনে লিখেছে, এ সংঘর্ষে একজন আহত হয়েছেন।

মঙ্গলবারের এসব মহড়া এ সপ্তাহের শেষ দিকে উত্তর-পূর্ব চীনে শুরু হতে যাওয়া ‘চাংচুন এয়ার শো’ নামের বিমান প্রদর্শনীর জন্য ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এদিকে, দুটি উড়ুক্কু গাড়ির সংঘর্ষ নিয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ‘এক্সপেং অ্যারোএইচটি’।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’তে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, আগুনে জ্বলতে থাকা একটি উড়ুক্কু গাড়ি মাটিতে পড়ে আছে এবং সেখানে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের লোকজন।

বিবৃতিতে ‘এক্সপেং অ্যারোএইচটি’ আরও বলেছে, তাদের “একটি গাড়ির কিছু অংশে ক্ষতি হয়েছে এবং অবতরণের সময় তাতে আগুনও ধরে গিয়েছে।

“ঘটনাস্থলে থাকা সকল কর্মী নিরাপদ আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ সময়মতো সুষ্ঠুভাবে জরুরি পদক্ষেপ নিয়েছে।”

বিদ্যুচ্চালিত এসব উড়ুক্কু গাড়ি উল্লম্বভাবে বা সোজা ওপর-নিচে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। কোম্পানিটি আশা করছে, প্রতিটি গাড়ি প্রায় দুই লাখ ২০ হাজার ডলারে বিক্রি করা যাবে।

এ বছরের জানুয়ারিতে কোম্পানিটি দাবি করেছিল, এরইমধ্যে তিন হাজারটি উড়ুক্কু গাড়ির অর্ডার পেয়েছে তারা।

বিবিসি লিখেছে, বিশ্বের অন্যতম বড় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি ‘এক্সপেং অ্যারোএইচটি’। সম্প্রতি ইউরোপেও নিজেদের ব্যবসা বাড়িয়েছে কোম্পানিটি।

এসব উড়ুক্কু গাড়ি তৈরি করছে ‘এক্সপেং অ্যারোএইচটি’-এর সহযোগী কোম্পানি ‘অ্যারোএইচটি’।

এ ধরনের পরিবহনের জন্য এখনও অবকাঠামো, নিয়ম-কানুন ও জনসাধারণের গ্রহণযোগ্যতার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গিয়েছে।