Published : 16 Mar 2026, 12:06 PM
তুরস্কের প্রত্নতাত্ত্বিকরা এক হাজার ৯০০ বছরের পুরানো এক সুগন্ধির পাত্রে মানুষের মলের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।
রয়টার্স লিখেছে, প্রাচীন রোমানরা সংক্রমণ ও ব্যথা নিরাময়ে ওষুধ হিসেবে মল ব্যবহার করত ঐতিহাসিক নথিতে এর উল্লেখ থাকলেও বাস্তবে এমন আবিষ্কার এটিই প্রথম।
গবেষকদের ধারণা, এর আগে বিভিন্ন প্রাচীন রোমান পাণ্ডুলিপি থেকে জানা গিয়েছিল, সংক্রমণ ও প্রদাহ নিরাময়ে চামড়ায় মল ব্যবহারের প্রচলন ছিল। তবে বাস্তবে এর কোনো প্রমাণ আগে মেলেনি।
তুরস্কের ‘শিভাস রিপাবলিক ইউনিভার্সিটি’র সুগন্ধি বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিক সেঙ্কার আতিলা ও তার সহকর্মীরা ইজমির প্রদেশের বারগামা মিউজিয়ামে সংরক্ষিত শত শত পাত্রের বিষয়বস্তু পরীক্ষার সময় এ আবিষ্কারটি করেছেন।

উদ্ধারকৃত সেই দীর্ঘ সেরু গলার বোতল বা ‘আনগুয়েন্টারিয়াম’ লুটেরাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ফলে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত নন পাত্রটি ঠিক কোন স্থানে পাওয়া গিয়েছিল।
তবে প্রাচীন পারগামন শহরটি ছিল এক বিখ্যাত হাসপাতাল ও প্রখ্যাত চিকিৎসক গ্যালেনের আবাসস্থল।
গ্যালেন নিজের বিভিন্ন লেখায় চিকিৎসায় মলের ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এ ছাড়া, বোতলটির নকশা থেকেও ইঙ্গিত মেলে, পাত্রটি ওই অঞ্চলেরই।
বিশেষজ্ঞ আতিলা বলেছেন, “আমরা সুগন্ধি পাওয়ার আশা করেছিলাম তবে তার বদলে খুঁজে পেলাম প্রাচীনকাল থেকে টিকে থাকা এক ওষুধি মল।”
গবেষক ডেমিরবোলাত বলেছেন, রোমান চিকিৎসকরা জানতেন, এ ওষুধটি মানুষের মনে চরম বিতৃষ্ণা তৈরি করতে পারে। ফলে এটি ব্যবহারের সময় তারা সুগন্ধি মিশিয়ে নেওয়ার পরামর্শ দিতেন। সম্ভবত সে কারণে পাত্রটিতে থাইম তেলের উপস্থিতি মিলেছে।