১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিরল চুম্বক কিনতে ৫০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা অ্যাপলের

ইলেকট্রনিক্স পণ্যে পুনর্ব্যবহৃত বিরল উপাদান ব্যবহারে পথপ্রদর্শক হিসেবে পরিচিত অ্যাপল। সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তিতেও ব্যবহৃত হয় বিরল এসব উপাদান।

বিরল চুম্বক কিনতে ৫০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা অ্যাপলের
২০১৯ সালে আইফোন ১১-এর ট্যাপটিক ইঞ্জিনে প্রথমবারের মতো এ উপাদানের ব্যবহার শুরু করে কোম্পানিটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 02:45 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে তৈরি বিরল চুম্বক কেনার জন্য ৫০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।

ঘোষণায় অ্যাপল বলেছে, আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রনির্ভর কোম্পানি ‘এমপি ম্যাটেরিয়ালস’ থেকে ৫০ কোটি ডলার মূল্যের দুর্লভ প্রকৃতির চুম্বক কিনবে তারা। আইফোন, ম্যাকবুক ও অ্যাপল পেনসিল’সহ বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয় এসব চুম্বক। 

যুক্তরাষ্ট্রে তৈরি এসব চুম্বক বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহও করা হবে, যাতে এ উপাদানের বাড়তে থাকা বৈশ্বিক চাহিদা মেটানো যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

‘এমপি ম্যাটেরিয়ালস’ হচ্ছে যুক্তরাষ্ট্রে এই বিরল চুম্বক উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান। অ্যাপল ও ‘এমপি ম্যাটেরিয়ালস’ একসঙ্গে টেক্সাসে একটি প্রসেসিং কারখানা উন্নত করার জন্যও কাজ করবে। সেখানে অ্যাপল পণ্যের জন্য বিশেষভাবে তৈরি একাধিক উৎপাদন লাইন তৈরি করবে তারা। এ কারখানার কাজ শেষ হলে ‘উন্নত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উৎপাদনে বহু নতুন চাকরির সুযোগ তৈরি হবে’।

অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, “আমেরিকান উদ্ভাবনই আমাদের সব কাজের মূল চালিকাশক্তি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আমাদের বিনিয়োগ আরও বাড়াতে পেরে আমরা গর্বিত। বিরল এসব মেটাল উপাদান আধুনিক প্রযুক্তি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে এসব গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ আরও শক্তিশালী করতে সাহায্য করবে আমাদের এ অংশীদারিত্ব।”

এনগ্যাজেট লিখেছে, ক্যালিফোর্নিয়ায় একটি পুনর্ব্যবহারযোগ্য কেন্দ্র গড়ে তুলতেও একসঙ্গে কাজ করবে অ্যাপল ও ‘এমপি ম্যাটেরিয়ালস’। তারা এমন ‘নতুন ধরনের চুম্বক উপাদান ও উদ্ভাবনী প্রসেসিং প্রযুক্তি উন্নয়নের’ প্রতিশ্রুতি দিয়েছে, যা চুম্বকের কার্যকারিতা আরও বাড়াবে।

এর আগে দেওয়া অ্যাপলের এক প্রতিশ্রুতিরই অংশ এই ঘোষণা, যেখানে আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। 

২০২১ সালে ৪৩ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাপল। এবার সেই অংকের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে মূল্যস্ফীতি হিসেব করলে দুই অংকের পরিমাণ প্রায় কাছাকাছি বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

ইলেকট্রনিক্স পণ্যে পুনর্ব্যবহৃত বিরল উপাদান ব্যবহারে পথপ্রদর্শক হিসেবে পরিচিত অ্যাপল। ২০১৯ সালে আইফোন ১১-এর ট্যাপটিক ইঞ্জিনে প্রথমবারের মতো এই উপাদানের ব্যবহার শুরু করে কোম্পানিটি।

এদিকে, সম্প্রতি ‘এমপি ম্যাটেরিয়ালস’-এর সবচেয়ে বড় শেয়ারহোল্ডারে পরিণত হয়েছে পেন্টাগন। কারণ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও ব্যবহৃত হয় বিরল এসব উপাদান।