১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বর্ণবৈষম্যের মামলা বাতিলের আবেদনে জয় পেল টেসলা

বিচারক বলেছেন, মামলার দুইশো জন সদস্যকে সাক্ষী দিতে রাজি করাতে পারেননি বাদী পক্ষের আইনজীবীরা। কিছু কর্মীর অভিজ্ঞতার জন্য পুরো দলের ওপর দায় চাপানো যায় না।

বর্ণবৈষম্যের মামলা বাতিলের আবেদনে জয় পেল টেসলা
টেসলার একজন কর্মীর পক্ষ থেকে মামলাটি শুরু হয়েছিল ২০১৭ সালে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

কর্মক্ষেত্রে বর্ণবৈষম্যের অভিযোগে আনা ক্লাস অ্যাকশন মামলা বাতিলের আবেদনে জয়ী হয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা।

রয়টার্স লিখেছে, ২০১৭ সালে কর্মক্ষেত্রে বর্ণবৈষম্যের অভিযোগে টেসলার বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা হয়েছিল। তবে মামলাটিকে এখন আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত।

ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টের বিচারক পিটার বর্কন বলেছেন, এ মামলা ক্লাস-অ্যাকশন হিসেবে এগোতে পারবে না। কারণ মামলার দুইশো জন সদস্যকে সাক্ষী দিতে রাজি করাতে পারেননি বাদী পক্ষের আইনজীবীরা। আর কিছু কর্মীর অভিজ্ঞতা পুরো দলের জন্য প্রযোজ্য– এমনটি ধরে নেওয়া যায় না।

টেসলার একজন কর্মীর পক্ষ থেকে মামলাটি শুরু হয়েছিল ২০১৭ সালে। তিনি অভিযোগ করেছিলেন, টেসলার ‘ফ্রেমন্ট’ কারখানা ‘বর্ণবৈষম্যের জন্য উপযোগী পরিবেশ’ এবং সেখানে একশরও বেশি কর্মী বর্ণবাদী হয়রানির শিকার হয়েছেন।

২০২৪ সালে মামলাটিকে ক্লাস অ্যাকশন হিসেবে এগোতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক নিম্ন আদালতের বিচারক, যা ওই সময় চ্যালেঞ্জ করেছিল টেসলা। এ মামলার বিচারপর্ব শুরু হওয়ার কথা ছিল ২০২৬ সালের এপ্রিলে।

তবে এখন যেহেতু মামলাটি ক্লাস অ্যাকশন হিসাবে চালানো যাবে না ফলে প্রত্যেক বাদীকে এখন টেসলার বিরুদ্ধে স্বতন্ত্রভাবে মামলা করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

বর্ণবৈষম্যের অভিযোগে টেসলার আদালতে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালে টেসলার বিরুদ্ধে মামলা করেছিল যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে সুযোগের সমতাবিষয়ক কমিশন। অভিযোগে সংস্থাটি বলেছিল, কোম্পানিটিতে বর্ণবাদী অবমাননা ও প্রতিশোধের শিকার হতে হয়েছে কৃষ্ণাঙ্গ কর্মীদের।

গত বছর একজন কর্মীর সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছায় টেসলা। তার অভিযোগ ছিল, ক্যালিফোর্নিয়ার একই কারখানায় বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি এবং সহকর্মীরা তার ডেস্কে হিটলার-সংক্রান্ত ছবি ও বর্ণবাদী চিত্র এঁকেছিলেন।