Published : 11 Aug 2024, 02:04 PM
ইন্টারনেট ব্রাউজিং করার সময় হঠাৎ অপ্রত্যাশিত ভিডিও বা বিজ্ঞাপনের উচ্চ আওয়াজে কেঁপে না উঠতে চাইলে, কীভাবে ব্রাউজারের একটি নির্দিষ্ট ট্যাব বা সাইট মিউট করতে হয়, তা জেনে রাখা ভাল।
বেশিরভাগ জনপ্রিয় ওয়েব ব্রাউজারই ব্যবহারকারীকে আরও ভালো ব্রাউজিং অভিজ্ঞতা দিতে আলাদা আলাদা ট্যাবের ‘অডিও’ বা শব্দ নিয়ন্ত্রণের সুযোগ দিয়ে থাকে। কাজের জন্য হোক বা ব্যাঘাত ছাড়া গান পডকাস্ট শোনা, বিভ্রান্তি মুক্ত ব্রাউজিং অভিজ্ঞতার জন্য, ট্যাব মিউট করা জরুরি।
কীভাবে বিভিন্ন ব্রাউজারের ট্যাবের শব্দ বন্ধ বা মিউট করা যায় সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট টেকরাডার। চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু পদ্ধতি।
ক্রোম ব্রাউজার
গুগল ক্রোমের ব্রাউজারে বিভিন্ন সাইট মিউট করার অপশন থাকলেও নির্দিষ্ট ট্যাব মিউট করার অপশন নেই। ফলে, ট্যাব মিউট করার একটি এক্সটেনশন ব্যবহার করার পরামর্শ দিয়েছে টেকরেডার। এটি একই ওয়েবসাইটের পেইজ রয়েছে এমন সব ট্যাব মিউট করে দেবে৷
গুগল ক্রোমে নির্দিষ্ট কোনো ট্যাব মিউট করতে এক্সটেনশন ব্যবহার করতে হয়। ক্রোম ওয়েবস্টোর থেকে ‘ট্যাব মিউটার’ নামের এক্সটেনশনটি চালু করে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটি বেছে নিন। এর পর ‘অ্যাড এক্সটেনশন’ অপশনে ক্লিক করে নতুন এক্সটেনশনটি নিশ্চিত করুন।
আরও সহজে এক্সটেনশন ব্যবহার করতে, ক্রোমের টুলবার থেকে এক্সটেনশন আইকনে ক্লিক করুন। সেখানে ট্যাব মিউটার অপশনের পাশে থাকা ‘পিন’ আইকনটি বেছে নিন।
মাইক্রোসফট এজ, ফায়ারফক্স, অপেরা ও সাফারি
মাইক্রোফট এজ ও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ট্যাব মিউট করার তিনটি অপশন রয়েছে।
১. ব্রাউজারের ওপরের ট্যাব-এ রাইট ক্লিক করুন এবং ড্রপ ডাউন মেনু থেকে ‘মিউট ট্যাব’ অপশনটি বেছে নিন।
২. ট্যাব-এর ওপরে ‘স্পিকার’ আইকনে ক্লিক করুন।
৩. কিবোর্ডে ‘কন্ট্রোল’ ও ‘এম’ বোতাম একসঙ্গে চাপুন।
ওপেরা ও সাফারির ক্ষেত্রে ওপরে লেখা প্রথম দুটি পদ্ধতি কাজ করবে। তবে, কিবোর্ড শর্টকাট কাজ করবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকরাডার।