Published : 11 Oct 2025, 03:53 PM
গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা বাড়ছে এবং এর জন্য রাশিয়াকে দায়ী করেছে পোল্যান্ড।
দেশটির ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিজিস্টফ গাভকভস্কি বলেছেন, রাশিয়ার ক্রমাগত সাইবার হামলার শিকার হচ্ছে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ বছর সাইবার হামলা চালাতে আগের তুলনায় তিনগুণ বেশি সম্পদ, যেমন– লোকবল, অর্থ ও প্রযুক্তি ব্যবহার করেছে রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থা।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ বছরের প্রথম তিন প্রান্তিকে শনাক্ত হওয়া প্রায় ১ লাখ ৭০ হাজার সাইবার হামলার ঘটনায় জড়িত রয়েছে রাশিয়ান হ্যাকাররা। আর বাকি হামলার ঘটনার অনেকগুলোই আর্থিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে, যেমন চুরি।
পোল্যান্ড প্রতিদিন প্রায় দুই হাজার থেকে চার হাজারটি সাইবার আক্রমণের মুখে পড়ছে। এর মধ্যে প্রায় সাতশ থেকে এক হাজারটি ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। কারণ ‘এসব ঘটনা বাস্তবিকভাবেই বড় ধরনের হুমকি তৈরি করতে পারে’ বলেও উল্লেখ করেছেন গাভকভস্কি।
তিনি বলেছেন, বিদেশি শত্রুরা এখন কেবল পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ওপর নয়, বরং জ্বালানি খাতের দিকেও নজর দিচ্ছে।
তবে রাশিয়ার কার্যক্রমের সঠিক সংখ্যা ও পোল্যান্ডের সাইবার জগতে রাশিয়ার ব্যবহৃত পদ্ধতি নিয়েও মন্তব্য করেননি গাভকভস্কি।
ক্রমাগত সাইবার হামলায় রাশিয়ার সম্পৃক্ততা সম্পর্কে এসব তথ্য পোল্যান্ডের বিভিন্ন গোয়েন্দার প্রতিবেদন থেকে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
রাশিয়া বরাবরই এ ধরনের কার্যক্রমের অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত রাশিয়ার দূতাবাস।
ওয়ারশের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেইনের দৃঢ় সমর্থক পোল্যান্ড হচ্ছে নেটো দেশগুলোর মধ্যে রাশিয়ার প্রধান লক্ষ্য। পোল্যান্ডের সরকারের ধারণা, রাশিয়া বারবার তাদের দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে।
গাভকভস্কি বলেছেন, “রাশিয়ার কার্যক্রম সবচেয়ে ভয়াবহ, কারণ তারা এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে, যা স্বাভাবিক জীবন চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
তিনি বলেছেন, ১০ সেপ্টেম্বরের রাশিয়ার ড্রোন হামলার পাশাপাশি পোল্যান্ডে একটি সাইবার হামলাও ঘটেছিল, যা ছিল ২০২২ সালে ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির ওপর সবচেয়ে বড় হামলা।
রাতের প্রথম প্রহর থেকেই সরকার জানত যে, ড্রোন হামলাটি রাশিয়া থেকে এসেছে। তবে ভুয়া দাবি ছড়িয়ে পড়েছিল যে, ইউক্রেইনই যুদ্ধ শুরু করতে ড্রোন পাঠিয়েছে, যা পোল্যান্ডের সাইবার জগতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলেও জানান গাভকভস্কি।
তিনি আরও বলেছেন, পোল্যান্ডের সাইবার জগতে ভুয়া তথ্য ছড়ানোর জন্য বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা বট, যেগুলো আগে অনেকদিন ধরে কাজ করছিল না সেগুলোকে আবার চালু করা হয়েছিল।