১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা বসেছিল সেন্ট যোসেফ প্রাঙ্গনে

তিন দিনব্যাপী আয়োজনে অংশ নেয় পাঁচ শতাধিক শিক্ষার্থী, ছিল অলিম্পিয়াড ও প্রকল্প প্রদর্শনী।

আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা বসেছিল সেন্ট যোসেফ প্রাঙ্গনে
প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেস বলেন, “এই আয়োজন ভবিষ্যতে আরও বড় বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের পথ তৈরি করবে।”

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 11:55 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ‘নোভা ২০২৬’। মেলায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে টাইটানিয়াম সায়েন্স ক্লাব।

১৫ জানুয়ারি শুরু হওয়া তিন দিনের আয়োজন সমাপ্ত হয়েছে শনিবার। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেওয়ার কথা বলেছে ক্লাব কর্তৃপক্ষ।

আয়োজকদের লক্ষ্য ছিল পাঠ্যবইয়ের সীমা ছাড়িয়ে বিজ্ঞানকে বাস্তবভিত্তিক ও সৃজনশীলভাবে শেখার সুযোগ তৈরি করা।

অলিম্পিয়াডের পাশাপাশি ছিল বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। সেখানে শিক্ষার্থীরা আধুনিক সমস্যা ও বৈজ্ঞানিক ধারণা নিয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা এবং জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি প্রকল্পগুলো দর্শকদের আগ্রহ কাড়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. শরমিন্দ নীলোৎপল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দার। গেস্ট অফ অনার ও হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড ডলেন। স্পন্সর কোম্পানি ইয়ামাহা এসিআই মোটর্স-এর প্রতিনিধির পাশাপাশি উপস্থিত ছিলেন কয়েকজন সোশাল মিডিয়া ইনফ্লয়েন্সার।

আয়োজনে জনপ্রিয়তা পেয়েছে অ্যানিমে কুইজ। এর পাশাপাশি ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ইভেন্ট।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেস বলেন, “নোভা ২০২৬ দেখিয়েছে হাতে-কলমে শেখা এবং শিক্ষার্থী নেতৃত্বাধীন উদ্যোগ বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর করে তোলে।”

“এই আয়োজন ভবিষ্যতে আরও বড় বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের পথ তৈরি করবে।”