১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটি শেষে ডিএসই সূচকে মিশ্রভাব

দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 11:38 AM

Updated : 26 Aug 2026, 01:11 PM

কোরবানির ঈদ ঘিরে টানা দশ দিনের ছুটি শেষে খুলেছে পুঁজিবাজার; সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে যথারীতি সকাল ১০টায় লেনদেন শুরু হয়। প্রধান সূচক ডিএসইএক্স তখন ছুটির আগে ৪ জুন এর শেষ লেনদেনের ৪ হাজার ৭০৯ পয়েন্টে।  

লেনদেনের শুরুতেই সূচক নামতে শুরু করে। বেলা সোয়া ১০টা নাগাদ সূচক ৪ হাজার ৬৮৩ পয়েন্টে নেমে যায়। 

মোটামুটি বেলা সাড়ে ১০টা পর্যন্ত এই ধারা চলার পর সূচ উঠতে শুরু করে। ১০টা ৪৯ মিনিটে ৪ হাজার ৭২১ পয়েন্টে পৌঁছে যায়। 

এরপর আবার শুরু হয় নিম্নমুখী যাত্রা। বেলা ১১টা ২০ এ সূচক ছিল ৪ হাজার ৭০৬ পয়েন্টের ঘরে, যা ছুটির আগের শেষ লেনদেনের তুলনায় ২ পয়েন্ট কম।   

এসময় লেনদেনে আসা কোম্পানিগুলোর মধ্যে ৮০টির শেয়ার দর বেড়েছে, ২০৬টির কমেছে, আর আগের দরে লেনদেন হয়েছে ৮০টি কোম্পানির শেয়ার।

ওই সময় পর্যন্ত ডিএসইতে ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। 

গত ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হয়। সেজন্য সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ৫ থেকে ১২ জুন পর্যন্ত ৮ দিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম।

পরে দুই দিন অর্থাৎ ১৩ জুন শুক্রবার ও ১৪ জুন শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় পুঁজিবাজার খুলল রবিবারে। 

পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত, এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং।