Published : 07 Jul 2025, 05:23 PM
আড়াই মাস বাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই করছে।
আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে সোমবার সূচক গিয়ে ঠেকেছে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে।
দেশের প্রধান পুঁজিবাজারে সবশেষ পাঁচ হাজার পয়েন্ট দেখা গিয়েছিল ২৩ এপ্রিল, সেদিন সূচক দাঁড়িয়েছিল ৫ হাজার ২২ পয়েন্টে। এর পরদিন থেকে বাজারে পতন প্রবণতা শুরু হয়, সূচক নামে পাঁচ হাজার পয়েন্টের নিচে।
এর মধ্যে ৮ মে সূচক বেড়েছিল ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট। মাঝে ৬ জুন সূচক বেড়েছিল ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট।
পতনের ধারার মধ্যে গত ১৪ মে পুঁজিবাজারের লেনদেন কমে তিনশ কোটি টাকার নিচে নামে। লেনদেন তলানিতে নামে ৪ জুন, হাতবদল হয় ২২৪ কোট ৪৯ লাখ টাকার শেয়ার। ১৫ জুনের পর থেকে বাড়তে থাকে লেনদেন, পরিমাণ দাঁড়ায় ৪০০ কোটিতে।
জুনের শেষ সপ্তাহ থেকে লেনদেনে আসে আরো গতি। এর মধ্যে বৃহস্পতিবার হাতবদল হয় ৫০৬ কোটির শেয়ার। এরপরের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে এদিন শেয়ার দর বাড়ে ২৭৮টির, কমে ৭৩টির এবং দর অপরিবর্তিত থাকে ৪৫টির।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক, ওষুধ, রসায়ন ও বস্ত্র খাতের শেয়ার। একক খাত হিসেবে সর্বোচ্চ ১৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক খাতে। সাধারণত এ খাতে ৫০-৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে থাকে।
আর ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় সাড়ে ৭৫ কোটি টাকার শেয়ার, যেখানে বস্ত্র খাতের অবদান ৫৮ কোটি টাকা।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: রূপালী ব্যাংক, তশরিফা ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ডেসকো, মিডল্যান্ড ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।
বেশি দর হারানো ১০ কোম্পানি: রেনউইক যজ্ঞেশ্বর, প্রাইম ইসলামী লাইফ, লাভেলো, সাইফপাওয়ার, মেঘনা কনডেন্সেড মিল্ক, অ্যাপোলো ইস্পাত, ফারইস্ট ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিং, ইসলামিক ফাইন্যান্স ও মেঘনা পেট।