বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত, পূর্ণ হল কমিশন
হোসেন সাদাত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি এবং ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের সদস্য।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি হোসেন সাদাতকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারের দায়িত্ব দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
হোসেন সাদাত বিএসইসি-নিয়ন্ত্রিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদেরও সদস্য।
বিআইসিএমের গঠনতন্ত্র অনুযায়ী, বিএসইসির চেয়ারম্যান পদাধিকারবলে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
হোসেন সাদাতের নিয়োগের মধ্য দিয়ে বিএসইসির কমিশন পূর্ণাঙ্গ হল। একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে এই কমিশন দায়িত্ব পালন করে।
এর আগে গত ৪ জুন সরকার মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান এবং তানভীর হাবিব রহমান, নাফিজ আল তারিক ও আইনজীবী নাহিদ মাহতাবকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়। হোসেন সাদাতকে নিয়ে কমিশনের চার কমিশনারের সব পদ পূরণ হল।
